২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ঝটিকা মিছিল, বোমাবাজি

বিরোধী দলের পঞ্চম দফা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর কারওয়ান বাজার ও শাজাহানপুর স্বেচ্ছাসেবক দল ও শিবিরের মিছিল থেকে বোমাবাজি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2013, 09:38 AM

Updated : 23 Aug 2022, 07:31 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল সাড়ে ৭টার দিকে স্বেচ্ছাসেবক দলের কর্মীরা কারওয়ানবাজার এলাকায় অবরোধের সমর্থনে মিছিল করে। এ সময় আন্ডারপাসের কাছে সাত-আটটি হাতবোমা ফাটানো হয়। 

কাছাকাছি সময়ে শিবিরকর্মীরা শাজাহানপুর এলাকায় মিছিল বের করে। এ সময় দুটি ককটেল ফাটানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। 

Image
ফাইল ছবি

ফাইল ছবি

নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে গত ২৬ নভেম্বর থেকে সরকারি ছুটির দিন ছাড়া বাকি দিনগুলোতে রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ চালিয়ে আসছে বিরোধী দলীয় জোট।

প্রথম দিকে অবরোধে রাজধানীতে খুব অল্প সংখ্যক যানবাহন চলাচল করলেও এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। ভাংচুর-অগ্নিসংযোগের আশঙ্কার মধ্যেও মানুষ রাস্তায় নামছে, ছোট যানবাহনের পাশাপাশি গণপরিবহনও চলছে।    

নৌমন্ত্রী শাজাহান খান অবরোধের মধ্যেই দূরপাল্লার বাস চলাচল শুরুর ঘোষণা দিলেও রাজধানীর বাস টার্মিনালগুলো থেকে খুব বেশি বাস ছাড়তে দেখা যায়নি। মালিক-শ্রমিকরা বলছেন, যাত্রী না পাওয়ায় তারা বাস ছাড়ছেন না।

তবে পুলিশ পাহারায় ঢাকার আশপাশের জেলাগুলোর উদ্দেশ্যে বাস ছাড়তে দেখা গেছে মহাখালী টার্মিনাল থেকে।