ফেনীতে ফাঁড়িতে হামলা: বিএনপি নেতা গ্রেপ্তার
ফেনীতে পুলিশ ফাঁড়িতে হামলার মামলায় জেলা বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার বিকালে শহরে নিজের একটি প্রাইভেট ক্লিনিক থেকে জাকির হোসেন জসিমকে গ্রেপ্তার করা হয়। জসিম জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বলে পুলিশ জানিয়েছে।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ৪ ডিসেম্বর পুলিশ ফাঁড়িতে হামলা ও ভাংচুরসহ আরো দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গত ৪ ডিসেম্বর ফেনীতে ১৮ দলের অবরোধ চলাকালে বিএনপি ও যুবদলের সঙ্গে পুলিশের সংঘর্ষে তিন পুলিশসহ সাত জন গুলিবিদ্ধ হয় এবং হারুনুর রশিদ হারুন নামে এক যুবদল নেতা নিহত হন।
সংঘর্ষের এক পর্যায়ে অবরোধকারীরা শহর পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে।
গ্রেপ্তার জসিম সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেও জানান পরিদর্শক আজাদ।
