২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে রাজাকার ঘৃণা স্তম্ভ ভাঙায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সামনের রাজাকার ঘৃণা স্তম্ভ ভেঙে ফেলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থী এবং কয়েকটি ছাত্র সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2013, 08:39 PM

Updated : 23 Aug 2022, 07:31 PM

শুক্রবার গভীর রাতের কোনো এক সময় কে বা কারা ওই ঘৃণা স্তম্ভ ভেঙে ফেলে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

ছাত্র ইউনিয়নসহ কয়েকটি প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতারা এর প্রতিবাদ জানিয়েছ। স্তম্ভটিকে বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে স্থায়ী রূপ দেয়ার দাবি তুলেছেন তারা।

ভেঙে ফেলা স্তম্ভের পাশে তিনটি চিরকুট পাওয়া গেছে, যার একটিতে লেখা, “আমরা ক্যাম্পাসকে ধারণ করি। তোদের কারও এখানে ভাস্কর্য স্থাপনের অধিকার নেই। আমরা বাংলাদেশকে ভালোবাসি।”

আরেকটি চিরকুটে লেখা, “ডাকসুর সামনে রাজাকার ঘৃণা স্তম্ভ থাকবে না। ক্যাম্পাসের বাইরে নিয়ে যা।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এ এম আমজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতের বেলা কে বা কারা এটা ভেঙে ফেলে গেছে বা কারা এই কাণ্ড ঘটিয়েছে তা এখনো বের করা সম্ভব হয়নি।”

২০০৭ সালের ১৫ ডিসেম্বর রাজাকারদের প্রতি ঘৃণা প্রদর্শনের লক্ষ্যে এই স্তম্ভ নির্মিত হয়েছিল। এর উদ্যোক্তা ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র তৈয়ব হাবিলদার, যিনি বিএনপি-জামায়াত জোট সরকার আমলে আওয়ামী লীগের হরতালের বিরুদ্ধে আমরণ অনশনে গিয়ে আলোচনায় আসেন।

এরপর ২০০৮ সালে কে বা কারা এই স্তম্ভ ভেঙে দেয়।

এবারের বিজয় দিবস উদযাপন উপলক্ষে ‘বিজয় ৭১ মঞ্চের’ ব্যানারে নতুন করে এই ঘৃণা স্তম্ভ সংস্কার করা হয়। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী গত ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এটি উন্মোচন করেন।

এবার এই স্তম্ভ সংস্কারের অন্যতম উদ্যোক্তা খন্দকার তারেক রায়হান জানান, এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে প্রতিবাদ লিপি এবং প্রক্টরের কাছে জড়িতদের শাস্তির দাবিতে স্মারকলিপি দেয়া হবে।