২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁওয়ে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারের দাবি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অপহৃত ব্যবসায়ী তাজুল ইসলামকে উদ্ধারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন তার পরিবারের সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2013, 08:24 PM

Updated : 23 Aug 2022, 07:31 PM

শনিবার নগরীর চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়। পরে তারা নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অপহৃতের ছোট বোন হাসিনা আক্তার। এ সময় তার স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন অপহৃত তাজুল ইসলামের বৃদ্ধ বাবা মুক্তিযোদ্ধা জহিরুল হক, মা জুলেখা আক্তার, স্ত্রী জাহানারা আক্তার, পাঁচ বছরের মেয়ে তাহনিকা, ছোট ভাই মাজহারুল ইসলাম, বোন হাসিনা ও চাচা কমর আলী।

এছাড়া সংহতি জানিয়ে অংশ নেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বি, বাংরাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি হাফিজুল ইসলম, বাসদের জেলা সম্বয়ক নিখিল দাস, গণসংহতি আন্দোলন জেলা সমন্বয়ক তরিকুল সুজন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট সভাপতি প্রদীপ ঘোষ বাবু প্রমুখ।

মানববন্ধন ও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সোনারগাঁওয়ের মোগরাপাড়া এলাকায় রয়েল স্পেশালাইজড হসপিটালের প্রতিষ্ঠানের মালিক মো. তাজুল ইসলাম। ওই ক্লিনিকে তাজুল ইসলামের ফুফাতো ভাই ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের চিকিৎসক ডা. মো. কামরুজ্জামানের চেম্বার রয়েছে।

এই চেম্বার খোলার পর থেকে রোগীদের কাছ থেকে অতিরিক্ত টাকা, খারাপ আচরণ করার অভিযোগ নিয়ে বাগবিতন্ডা থেকে বিরোধ হয় তাজুল ইসলামের সঙ্গে।

এক পর্যায় তাজুল ইসলামকে প্রাণ নাশের হুমকি দেন কামরুজ্জামান।

কামরুজ্জামান, তার ভাই বদিউজ্জামান, শাহজ্জামান, সুরুজ্জামান আরও অজ্ঞাত ৪/৫ জন গত ২০ নভেম্বর বন্দর উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাজুল ইসলামকে তুলে নিয়ে স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ছেড়ে দেয়।

তারা তার কাছ থেকে একশ টাকার তিনটি স্ট্যাম্প এবং এক্সিম ব্যাংক সোনারগাঁও শাখার চেক বইয়ে স্বাক্ষর নিয়ে রাখে।

ওই ঘটনায় তাজুল ইসলাম ২৩ নভেম্বর বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেন এবং ২৫ নভেম্বর নারায়ণগঞ্জ আদালতে মামলা দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, গত ১৭ ডিসেম্বর সোনারগাঁওয়ের মোগড়াপাড়া এলাকায় সিএনজি যোগে যাওয়ার পথে নয়াপাড়া বটতলা এলাকা থেকে অজ্ঞাত পরিচয় ৫/৬ জন তাজুল ইসলামকে অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।

তাজুলকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় তার সঙ্গে থাকা বন্ধু কবির হোসেন অপহরণকারীদের সঙ্গে ডা. কামরুজ্জামানের ভাই বদিউজ্জামানকে দেখতে পেয়েছেন বলে সংবাদ সম্মেলনে তারা জানান।

বিষয়টি থানা পুলিশকে জানিয়েও কোনো প্রতিকার পাননি বলে তারা জনান।

তাই তাজুলের পরিবারের সদস্যরা তার সন্ধানের পাশাপাশি ডা. কামরুজ্জামানকে গ্রেপ্তারের দাবি জানান তারা।

এ ব্যাপারে ডা. কামরুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

সোনারগাঁও থানার ওসি আতিকুর রহমান জানান, এই ঘটনায় অপহৃত তাজুল ইসলামের পরিবার বাদী হয়ে মামলা দায়ের করেছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।