২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অটোরিকশায় আগুন

বিরোধী দলের ডাকা পঞ্চম দফা অবরোধের প্রথম দিন চট্টগ্রামে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2013, 11:52 AM

Updated : 25 Apr 2022, 07:41 PM

শনিবার সকালে নগরীর দামপাড়া এলাকায় একটি সিএনজি অটোরিকশায় আগুন দেয়া ছাড়া আর কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি। অটোরিকশায় অগ্নিসংযোগে কেউ হতাহত হয়নি।

সকাল থেকে নগরীর বিভিন্ন স্থানে সব ধরনের যানবাহন চলাচল করতে দেখা গেছে। বিএনপি নেতাকর্মীদের মিছিল-সমাবেশ দলীয় কার্যালয়ের সামনেই সীমাবদ্ধ ছিল।

চট্টগ্রাম থেকে ট্রেন চলাচলও স্বাভাবিক আছে, তবে কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ের পরে ছেড়ে গেছে।

নগরীর চকবাজার থানাধীন দামপাড়া এলাকায় সকাল ৭টার দিকে একটি সিএনজি অটোরিকশাতে যাত্রীবেশী কয়েকজন যুবক আগুন দেয়।

চকবাজার থানার ওসি আতিক আহমেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগ্রাবাদ যাওয়ার কথা বলে অটোরিকশাটি ভাড়া নেয় কয়েকজন যুবক। দামপাড়া এলাকায় তারা গাড়িটিতে আগুন দেয়। স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।

সকালে নগরীর আন্দরকিল্লা, নিউ মার্কেট, আগ্রবাদ, বহদ্দারহাট মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সব ধরনের যান চলাচল করতে দেখা গেছে। তবে তা ছিল স্বাভাবিকের তুলনায় কিছুটা কম।

সকালে নগরীর নুর আহমদ সড়কে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে মিছিল সমাবেশ করে বিএনপি নেতাকর্মীরা।

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে সেখানে অবরোধের সমর্থনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম রেল স্টেশনের ম্যানেজার শামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে নির্ধারিত সময়ে ঢাকাগামী সুর্বণ এক্সপ্রেস ছেড়ে গেছে।

“চট্টলা, পাহাড়িকা ও কর্ণফুলী এক্সপ্রেস ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত আছে। তবে প্রভাতী ট্রেনটি এখনো চট্টগ্রাম স্টেশনে না পৌঁছায় তা নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি।”

চট্টগ্রাম নগর পুলিশের পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনার আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল থেকে কোথাও কোনো নাশকতার খবর পাওয়া যায়নি।