পাকিস্তানবিরোধী বিক্ষোভ নিউ ইয়র্কেও
যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার ফাঁসি নিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোয় পাকিস্তানের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরাও।
বৃহস্পতিবার রাতে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস এবং ব্রুকলিনে বিক্ষোভের সময় পাকিস্তানের পতাকায় অগ্নিসংযোগ এবং দেশটির রাজনীতিক ইমরান খানের ছবিও পোড়ানো হয়।
জ্যাকসন হাইটসে যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এবং ব্রুকলিনে আওয়ামী লীগের ব্যানারে এই বিক্ষোভে স্লোগান ওঠে - ‘কাদের মোল্লার ফাঁসি হলে পাকিস্তানের কেন জ্বলে’, ‘পাকিস্তানের দালালেরা হুঁশিয়ার-সাবধান’ ইত্যাদি।
এই বিক্ষোভে যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ, অঙ্গরাজ্য আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা যুবকমান্ড এবং গণজাগরণমঞ্চের বিভিন্ন স্তরেরর নেতা-কর্মীরা অংশ নেন।
ব্রুকলিনের বিক্ষোভ সমাবেশে মুক্তিযোদ্ধা কমান্ডার নুরনবী বলেন, “একাত্তরের বর্বর আচরণের জন্যে দুঃখ প্রকাশের পরিবর্তে ৪২ বছর পর পাকিস্তানি হায়েনাদের পক্ষ অবলম্বন করল পাকিস্তানের জাতীয় পরিষদ, যা বিবেকসম্পন্ন বিশ্বকে হতবাক করেছে।”
এই কর্মসূচিতে ব্রুকলিন আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নজরুল, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি আবুল কাশেম ও শামসুদ্দিন আজাদ, উপ-প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি অংশ নেন।
জ্যাকসন হাইটসের খামার বাড়ির সামনের কর্মসূচিতে স্বেছাসেবক লীগের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি নুরুজ্জামান সর্দার ও সেক্রেটারি দরুদ মিয়া রনেল ছাড়াও অংশ নেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন, উপদেষ্টা সাইফুল ইসলাম রহিম, নিউ ইয়র্ক অঙ্গরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা যুবকমান্ডের সভাপতি জাকারিয়া চৌধুরী, সহসভাপতি আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের খুরশেদ আনোয়ার বাবলু, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগ নেতা রুহেল চৌধুরী প্রমুখ।
