২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘নাক কাটা' পাকিস্তানকে ‘নাক’ না গলানোর আহ্বান

একাত্তরে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তানের ‘নাক’ কেটে দেয়া হয়েছে মন্তব্য করে বাংলাদেশের বিষয়ে তাদের সেই কাটা নাক আর না গলানোর আহ্বান জানিয়েছেন লেখক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল।

নিজস্ব প্রতিবেদক

ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2013, 07:40 PM

Updated : 13 Oct 2022, 03:08 PM

শুক্রবার শাহবাগে গণজাগরণ মঞ্চের সমাবেশে এই আহ্বান জানান তিনি।

একাত্তরে বাবাকে হারানো জাফর ইকবাল বলেন, “পাকিস্তান তুমি কি জানো না, তোমার নাক ১৯৭১ সালে কেটে দেয়া হয়েছিলো। তোমাদের নাক বলে কিছু নেই। নাক গলাতে এসো না। তোমাদের নিজেদের সমস্যা সমাধান করো।

“তোমরা সারা পৃথিবীতে জঙ্গিবাদ-সন্ত্রাস রপ্তানি করো। আর বাংলাদেশ বিশ্বের বুকে মডেল। আমাদের এই তরুণেরা এদের মতো সত্য-সভ্য-শান্ত দেশপ্রেমিক পৃথিবীর কোথাও নেই। কিভাবে দেশকে ভালোবাসতে হয়, তা এদের মাধ্যমে শেখো। তোমাদের নাক বলে কিছু নেই, তোমরা এখানে নাক গলাতে এসো না।”

যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলনরত গণজাগরণ মঞ্চের নেতাকর্মীদের উচ্ছ্বসিত প্রশংসা করে এই লেখক বলেন, “আমি কখনোই এখানে বক্তব্য দিতে আসি না। আমি বক্তব্য শুনতে আসি। আমি তরুণদের দেখতে আসি, যারা ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দিবে।

“তোমাদের দেখে আমি শান্তি পাই এবং বাড়ি ফিরে যাওয়ার সময় মনে মনে তোমাদের দোয়া করি। কারণ সারা দেশে জামায়াত-শিবির গণজাগরণ মঞ্চের কর্মীদের ওপর হামলা চালাচ্ছে। কিন্তু আমি কোনদিন ভাবিনি, এদের উপর বাংলাদেশের পুলিশ হামলা করতে পারে।”

“মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার পক্ষে প্রথম গুলি চালিয়েছিল রাজারবাগের পুলিশরা। তোমাদের কি লজ্জা হলো না, ক্ষমা চাও, এদের কাছে।”

বৃহস্পতিবার গুলশানে পাকিস্তান দূতাবাসমুখী গণজাগরণ মঞ্চের মিছিলে পুলিশি নির্যাতনের প্রতিবাদে ডাকা এই সমাবেশে সরকারের উদ্দেশ্যে জাফর ইকবাল বলেন, “তরুণদের ওপর যে সব পুলিশ হামলা চালিয়েছে তাদের খুঁজে বের করে প্রত্যাহার করো। আমি চাই না বাংলাদেশের পুলিশ এই দুর্নাম নিয়ে থাকুক।”

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের জন্য জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর হয় গত ১২ ডিসেম্বর।

‘ঐক্যবদ্ধ পাকিস্তানের’ একনিষ্ঠ সমর্থক হিসেবে কাদের মোল্লার মৃত্যুদণ্ডে উদ্বেগ জানিয়ে গত ১৬ ডিসেম্বর পাকিস্তানের পার্লামেন্টে একটি প্রস্তাব পাস হয়।

 

পাকিস্তানের এই পদক্ষেপের প্রতিবাদে ফুঁসে ওঠে সারা দেশ। দেশের বিভিন্ন স্থানে পাকিস্তানের পতাকা পুড়িয়ে প্রতিবাদ জানানো হয়। দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবিতে গুলশানে পাকিস্তান হাই কমিশন অভিমুখে মিছিল করে গণজারণ মঞ্চ। এ দাবিতে মঞ্চের পক্ষ থেকে সরকারকে ২০ ঘণ্টা সময় বেঁধে দেয়া হয়।

আল্টিমেটাম শেষে বৃহস্পতিবার বিকালে আবারো পাকিস্তান হাই কমিশন অভিমুখে গণজাগরণ মঞ্চ মিছিল শুরু করলে গুলশানে তাদের ওপর চড়াও হয় পুলিশ। এ সময় মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ বেশ কয়েক জন আহত হন।

সমাবেশে জাফর ইকবালের স্ত্রী অধ্যাপক ইয়াসমীন হকও উপস্থিত ছিলেন।