জোহরা তাজউদ্দিনের মৃত্যুতে খালেদা জিয়ার শোক
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের স্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা জোহরা তাজউদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
শুক্রবার বিকালে এক শোকবাণীতে তিনি বলেন, “স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধের একজন সংগঠক হিসেবে দেশমাতৃকার মুক্তির জন্য মরহুমা সৈয়দা জোহরা তাজউদ্দিন যে অবদান রেখেছেন তা জাতি কোনদিন ভুলবে না। তিনি একজন দক্ষ ও প্রাজ্ঞ রাজনীতিক হিসেবে দেশ ও দেশের কল্যাণে কাজ করে গেছেন।’’
প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান বিরোধী দলীয় নেতা।
দলের সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি স্বাক্ষরিত শোক বাণীতে খালেদা জিয়া বলেন, “মরহুমা জোহরা তাজউদ্দিন ছিলেন জাতীয় রাজনীতির একজন অনন্য ব্যক্তিত্ব।
“তিনি তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে একজন সুদক্ষ সংগঠক ও প্রতিথযশা রাজনীতিবিদ হিসেবে দেশের রাজনৈতিক অঙ্গনে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন।
“কেবল তাই নয়, গণতন্ত্রের প্রতি তাঁর আন্তরিক নিষ্ঠা তাঁকে একটি স্বতন্ত্র মাত্রা দিয়েছিল। দেশের স্বাধিকার, স্বাধীনতা ও মানুষের গণতান্ত্রিক অধিকারের সংগ্রামে তিনি ছিলেন সবসময় আপোষহীন। দেশমাতৃকার মুক্তির জন্য তিনি যে অবদান রেখেছেন তা স্মরণীয় হয়ে থাকবে।”
শুক্রবার সকাল ১০টা ৩৭ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জোহরা তাজউদ্দিনের মৃত্যু হয়। প্রবীণ এই আওয়ামী লীগ নেতার বয়স হয়েছিল ৮০ বছর।
১৯৭৫ সালে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার পর আহ্বায়ক হিসাবে আওয়ামী লীগের হাল ধরেন জোহরা। সে সময় দলকে সংগঠিত ও ঐক্যবদ্ধ করেন তিনি। পরে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশে ফিরলে তার হাতে তুলে দেন দলের নেতৃত্ব।
তার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।
