২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে পদক্ষেপ চায় মানবাধিকার কমিশন

সংখ্যালঘু সম্প্রদায়সহ জনগণের মধ্যে নিরাপত্তাবোধ ফিরিয়ে আনতে পদক্ষেপ নিতে রাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2013, 11:07 PM

Updated : 23 Aug 2022, 07:30 PM

বৃহস্পতিবার কমিশনের এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ধর্মীয় সাম্প্রদায়িক শক্তি জনজীবনে যে আতঙ্ক ও ভীতিকর অবস্থা তৈরি করছে, তার ফলে সংখ্যালঘু সম্প্রদায়, নাগরিক সমাজসহ সকল দেশপ্রেমিক জনগণের মধ্যে নিরাপত্তার অভাব তৈরি হয়েছে। এ আতঙ্ক মৌলিক মানবাধিকারকে ক্ষুণ্ন করছে। নাগরিকদের মধ্যে পূর্ণ নিরাপত্তাবোধ ফিরিয়ে আনতে রাষ্ট্রকে পদক্ষেপ নিতে হবে।

পাশাপাশি শুভবোধ সম্পন্ন সকল অসাম্প্রদায়িক ও প্রগতিশীল শক্তিকে দেশের মানবাধিকার রক্ষার স্বার্থে আরো দায়িত্বশীল ভূমিকা নেয়ার আহ্বান জানানো হয়।

মানবাধিকার কমিশন সকল রাজনৈতিক দল, রাজনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতি আহ্বান রেখেছে, “আসুন ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ হই। আসুন মানবাধিকার সুরক্ষা করি। জাতীয় সংহতি সমুন্নত রাখি।”

হরতাল অবরোধে বিভিন্ন এলাকায় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, মন্দিরে অগ্নিসংযোগের ঘটনা ক্রমশ বাড়ার প্রেক্ষাপটে এই আহ্বান জানিয়েছে মানবাধিকার কমিশন।