২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের নাক গলানোর প্রতিবাদ চট্টগ্রামে

কাদের মোল্লার ফাঁসি কার্যকর নিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের নাক গলানোর প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও সমাবেশ করেছে পেশাজীবীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2013, 10:31 PM

Updated : 23 Aug 2022, 07:30 PM

বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে পেশাজীবী সমন্বয় পরিষদ, চট্টগ্রাম আয়োজিত কর্মসূচি থেকে বক্তারা দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো ধৃষ্টতাপূর্ণ আখ্যা দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘ ও কমনওয়েলথের প্রতি আহ্বান জানান।

সমাবেশ থেকে ঢাকায় গণজাগরণ মঞ্চের পাকিস্তান দূতাবাস ঘেরাও কর্মসূচিতে পুলিশী হামলা ও বাধা দেয়ার ঘটনার নিন্দা জানানো হয়। 

পরিষদের সভাপতি ডা. একিউএম সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল আলম, ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন চট্টগ্রামের সাবেক সভাপতি প্রকৌশলী মোহাম্মদ হারুণ, চবি সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক হোসাইন কবীর, সাবেক ডিন অধ্যাপক গাজী সালেহ উদ্দিন, চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সেকান্দার চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার, সাংবাদিক অঞ্জন সেন, চৌধুরী ফরিদ ও আবৃত্তিকর্মী রাশেদ হাসান।