ঢাকায় সমাবেশের সিদ্ধান্তে অটল হেফাজত
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে আবারো সমাবেশ করতে চায় মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম।
আগামী ২৪ ডিসেম্বরের এই সমাবেশের প্রস্তুতি নিয়ে বুধবার সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সভা হয়।
কেন্দ্রীয় আমির আল্লামা শাহ আহম্মদ শফীর সভাপতিত্বে সংগঠনের ঢাকা মহানগরের নেতারা সভায় উপস্থিত ছিলেন।
হেফাজতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা কমিটির নেতারা কেন্দ্রীয় নেতাদের ২৪ ডিসেম্বরের সমাবেশের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন।
শাপলা চত্বরের ওই সমাবেশ শান্তিপূর্ণভাবে সফল করারও আহ্বান জানানো হয় সভা থেকে।
দেশের বর্তমান পরিস্থিতি ও উদ্ভূত রাজনৈতিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে এর শান্তিপূর্ণ সমাধানের কথাও বলা হয়।
হেফাজতে ইসলামের জ্যেষ্ঠ নায়েবে আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, নায়েবে আমির আল্লামা নূর হোসাইন কাসেমী, মহাসচিব জুনায়েদ বাবুনগরী, হাফেজ তাজুল ইসলাম, মাওলানা জুনায়েদ আল-হাবীব, আশরাফ আলী নিজামপুরী, যুগ্ম মহাসচিব মুঈনুদ্দীন রুহী, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীসহ অন্য নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে কেন্দ্রীয় নেতারা মহাসমাবেশ বাস্তবায়নের কর্মপন্থা ও কৌশল নির্ধারণ করেন।
এছাড়া গত ৫ ও ৬ মে শাপলা চত্বরে হতাহতদের পরিবারের খোঁজখবর নেয়ার জন্যও বৈঠকে একটি কমিটি গঠন করা হয়।
সম্প্রতি হেফাজতের পক্ষ থেকে ঢাকায় মহাসমাবেশ ছাড়াও চট্টগ্রামে ১২ ও ১৩ ডিসেম্বর মহাসম্মেলন করার ঘোষণা দেয়া হয়। তবে অনুমতি না পাওয়ায় তা করতে পারেনি তারা।
পরবর্তীতে অনুমতি না দেয়ার প্রতিবাদে বিজয় দিবসের আগের দিন চট্টগ্রামে হরতালের ডাক দিলেও পরে তা প্রত্যাহার করে চট্টগ্রামভিত্তিক ইসলামী সংগঠনটি।
গত ২৪ নভেম্বর হাটহাজারী মাদ্রাসায় এক সংবাদ সম্মেলন থেকে ২৪ ডিসেম্বর ঢাকার শাপলা চত্বরে সমাবেশ করার ঘোষণা দেয় হেফাজতে ইসলাম।
