চাটমোহরে অভিযানে পেট্রোল বোমা উদ্ধার
পাবনার চাটমোহর পৌর সদরের একটি মার্কেটের ছাদ থেকে ১০টি পেট্রোল বোমা উদ্ধার করেছে র্যাব।
বিরোধী দলের অবরোধে নাশকতার মধ্যে বুধবার রাতে চালানো ওই অভিযানে ১৫টি তাজা হাতবোমাও পাওয়া যায় বলে র্যাব-১২ এর পাবনা ক্যাম্পের অধিনায়ক এ বি এম ফারুকুজ্জামান জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফার ডটকমকে বলেন, রাত সাড়ে ১০টার দিকে মির্জা মার্কেটের ছাদে অভিযান চালানো হয়। একটি কার্টনে পেট্রোল বোমা ও ককটেলগুলো রাখা ছিল।
অবরোধে নাশকতার জন্যই এগুলো মজুদ করা হয়েছিল বলে র্যাবের ধারণা। এতে জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
এই ঘটনায় চাটমোহর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান থানার ওসি আছাদুজ্জামান মুন্সি।
গত ৬ ডিসেম্বর মির্জা মার্কেটের একটি দোকানের পাশ থেকে পুলিশ চারটি তাজা হাতবোমা উদ্ধার করেছিল।
