২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুর্তজা বশীর আবার হাসপাতালে

গুরুতর অসুস্থাবস্থায় আবার হাসপাতালে ভর্তি হয়েছেন চিত্রশিল্পী মুর্তজা বশীর। তার শরীরে ‘সাময়িক পেসমেকার’ বসানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2013, 11:14 PM

Updated : 23 Aug 2022, 07:29 PM

মঙ্গলবার রাতে বরেণ্য এই শিল্পীকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।

এর আগে শারীরিক অবস্থার ‘উন্নতি’ হওয়ায় গত ৭ ডিসেম্বর ইউনাইটেড হাসপাতাল থেকে বাড়ি ফেরেন এই ভাষাসৈনিক।

প্রচণ্ড শ্বাসকষ্ট হওয়ায় গত ২২ নভেম্বর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় মুর্তজা বশীরকে। অবস্থা গুরুতর হওয়ার পর তাকে আইসিইউতে ভর্তি করা হয়।

শিল্পীর বড় মেয়ে মুনীরা বশীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাড়িতে নিয়ে যাওয়ার পর ১২ ডিসেম্বর বাবার শারিরীক অবস্থার অবনতি হয়। তখন তাকে আবার আবার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

“ইউনাইটেড হাসপাতালে প্রোপার চিকিৎসা না হওয়ায় তাকে অ্যপোলোতে নিয়ে যাই। ইউনাইটেডে বাবার হার্টফেল করে। কিন্তু সেখানকার ডাক্তাররা ঠিকমতো সহযোগিতা না করায় তাতে স্থানান্তরিত করা হয়।”

মুনীরা জানান, মর্তুজা বশীরের শ্বাসকষ্টের সমস্যা কিছুটা উন্নতি হলেও তার হৃৎযন্ত্রের ক্রিয়ায় সমস্যা হচ্ছে।

তিনি বলেন, “এজন্য চিকিৎসকরা টেমপোরারি পেসমেকার বসিয়েছেন।”

বহু ভাষাবিদ ড. মুহাম্মদ শহীদুল্লাহর ছোটছেলে মুর্তজা বশীর ১৯৩২ সালে ঢাকার রমনায় জন্মগ্রহণ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ছিলেন তিনি।

বিমূর্ত বাস্তবতার চিত্রকলার অন্যতম পথিকৃত শিল্পী মুর্তজা বশীরের  ‘দেয়াল’, ‘শহীদ শিরোনাম’, ‘পাখা’ ছাড়াও অনেক উল্লেখযোগ্য চিত্রমালা রয়েছে।

‘রক্তাক্ত ২১শে’ শিরোনামে ভাষা আন্দোলন নিয়ে ‘লিনোকাট’ মাধ্যমে এঁকেছেন প্রথম ছবি। পেইন্টিং ছাড়াও ম্যুরাল,ছাপচিত্রসহ চিত্রকলার বিভিন্ন মাধ্যমে তিনি কাজ করেছেন।

‘টাটকার রক্তের ক্ষীণরেখা’ শিরোনামে বইতে নিজের লেখা কবিতা ইংরেজিতে অনুবাদ করেছেন।

১৯৭৯ সালে প্রকাশিত হয়েছে তার লেখা উপন্যাস ‘আলট্রামেরিন’। মুদ্রা ও শিলালিপি নিয়েও গবেষণা করেছেন তিনি।