২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহবাগে সন্দেহভাজন যুবক আটক

রাজধানীর শাহবাগ গণজাগরণ মঞ্চের কাছ থেকে বুধবার রাতে সন্দেহভাজন এক যুবককে আটক করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2013, 11:04 PM

Updated : 23 Aug 2022, 07:29 PM

আটক যুবক নাম বলেছে শাহীন রেজা (২১)। তিনি নিজেকে ইসলামী ছাত্রশিবিরের সাবেক সাথী হিসেবে দাবি করে পুলিশকে বলেছেন, এখন তিনি গণজাগরণ আন্দোলনের সমর্থক।

রাত পৌনে ১০টার দিকে মঞ্চের কাছে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় কয়েকজনের সন্দেহ হয়। পরে তাকে তল্লাশি করে ইসলামী ব্যাংকের কিছু কাগজ এবং একটি মেমোরি কার্ড পেয়ে পুলিশে খবর দেয়া হয়।

গণজাগরণ মঞ্চের কর্মী মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আচরণে সন্দেহ হওয়ায় তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওই যুবকের কাছে যে মেমরি কার্ড পাওয়া গেছে, তা অন্য একটি মোবাইল ফোনে লাগিয়ে মতিঝিলে হেফাজতের তাণ্ডব- আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের ভিডিও, জামায়াত ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছবি দেখা যায়।

শাহবাগ থানার উপপরিদর্শক আব্দুল মোতালেব বলেন, ওই যুবককে ভালভাবে জিজ্ঞাসাবাদের পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি ঝিনাইদহ সরকারি কেসি কলেজের তৃতীয়বারের মতো উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী।