শিশুকে ধর্ষণের পর হত্যা, বোনজামাই গ্রেপ্তার
ছয় বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে শিশুটির বোনের স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার চট্টগ্রামের রঙ্গীপাড়া মো. শাকিলকে (১৯) গ্রেপ্তার করা হয়। তিনি কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন কেশেরা গ্রামের বাদশা মিয়ার ছেলে।
শাকিল নগরীর হালিশহর থানাধীন রঙ্গীপাড়া এলাকায় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। একই এলাকায় তার শ্বশুরের পরিবারও থাকে।
গত ১৫ ডিসেম্বর নগরীর হালিশহর থানাধীন শারীরিক শিক্ষা কলেজ এলাকা থেকে মৃত শিশু সোনিয়া আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ।
চট্টগ্রাম নগর পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিল জানিয়েছে কিছুদিন আগে শ্বাশুড়ি তাকে বকাঝকা করে। সেই অপমানের বদলা নিতেই সে শ্যালিকা সোনিয়াকে হত্যা করে।
ঘটনার বিষয়ে শাকিল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে।
শাকিলকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার বলেন, গত ১৩ ডিসেম্বর শাকিলের স্ত্রী রুনা আক্তার পাশেই তার মায়ের বাসায় টেলিভিশন দেখছিলেন। এ সুযোগে সোনিয়াকে ধর্ষণ করে শাকিল। পরে শ্বাসরোধ করে তাকে হত্যা করে সে।
হত্যার পর লাশ একটি সাদা প্লাস্টিকের বস্তায় ভরে রিকশা ও সিএনজি অটোরিকশা যোগে শারীরিক শিক্ষা কলেজ এলাকায় নিয়ে ফেলে আসে বলে শাকিল পুলিশকে জানিয়েছে।
