রাজশাহীতে আহত ছাত্রলীগ নেতাকে ঢাকায় রেফার্ড
শিবিরের হামলায় আহত রাজশাহী মহানগরীর মতিহার থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শিমুল আহমেদ ডিউককে ঢাকায় পাঠানো হয়েছে।
বুধবার বিকেল ৪টার দিকে একটি অ্যাম্বুলেন্স তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী মেডিকলে কলেজ হাসপাতাল ছাড়ে বলে চিকিৎসক জানিয়েছেন।
ডিউক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক শেষ বর্ষের ছাত্র।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেডিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. আবু সাঈদ জানান, ডিউকের দুই পা ও বাম হাতের রগ কেটে গেছে।
“তার দ্রুত উন্নত চিকিৎসা প্রয়োজন। সে কারণে ঢাকা পঙ্গ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।”
মতিহার থানার এসআই মনিরুল ইসলাম বলেন, “বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসের চারুকলা মাঠে ডিউকের ওপর হামলা চালায় শিবির কর্মীরা।
“তার এক হাত ও এক পায়ের রগ কেটে দেয় তারা।”
কয়েকজন বন্ধুসহ সকালে রাবি ক্যাম্পাস সংলগ্ন মেহেরচণ্ডিতে নিজ বাড়িতে ফেরার পথে তার উপর এ হামলা হয়।
পরে সংগঠনের অন্য নেতাকর্মীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
