২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাধা-বিপত্তি পেরিয়ে স্থল সীমান্ত চুক্তি রাজ্যসভায়

বহু বাধা-বিপত্তি পেরিয়ে ভারতের রাজ্যসভায় উঠেছে স্থল সীমান্ত চুক্তি, যা পাস হলে প্রতিবেশী দেশটির সঙ্গে বাংলাদেশের সীমান্ত জটিলতার অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নয়াদিল্লি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2013, 06:35 PM

Updated : 23 Aug 2022, 07:30 PM

বাংলাদেশের সঙ্গে ১৯৭৩ সালে স্বাক্ষরিত চুক্তি এবং ২০১১ সালে সই হওয়া প্রটোকল বাস্তবায়নে ভারতের সংবিধান সংশোধনের প্রয়োজন।

ঢাকার বারবার আহ্বানে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট সরকার পার্লামেন্টে সেই বিল তোলার উদ্যোগ নিলেও বিজেপিসহ কয়েকটি দলের বিরোধিতার কারণে তা আটকে ছিল।

বাংলাদেশের সঙ্গে স্থল সীমান্ত চুক্তি অনুমোদনে বুধবার রাজ্যসভার অধিবেশনে সংবিধান সংশোধন সংক্রান্ত বিলটি উত্থাপন করতে গিয়েও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ বিরোধিতার মুখে পড়েন।

এর আগে গত মে ও অগাস্ট মাসে দুই দফা এই বিলটি উত্থাপনের চেষ্টা চালিয়েছিলেন তিনি, তবে তৃণমূল কংগ্রেসসহ কয়েকটি দলের বিরোধিতায় তিনি সফল হননি।

এদিন বিল উত্থাপনের জন্য সালমান খুরশিদ দাঁড়োতেই ডেরেক ও’ব্রায়েনের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এবং বীরেন্দ্র প্রসাদ বৈশ্যর নেতৃত্বে অসম গণপরিষদের সদস্যরা প্রতিবাদ জানাতে থাকেন।

এক পর্যায়ে একটি প্ল্যাকার্ড হাতে বীরেন্দ্র বৈশ্যসহ কয়েকজন সালমান খুরশিদের দিকে তেড়ে গিয়ে বিল নিয়ে আপত্তি জানাতে থাকলে হৈ চৈ-এর মধ্যে অধিবেশন ১০ মিনিটের জন্য মুলতবি করেন অধিবেশনে সভাপতিত্বকারী পি জে কুরিয়েন।

১০ মিনিট পর অধিবেশন শুরু হলে সালমান খুরশিদ ভারতের সংবিধানের পঞ্চদশ সংশোধনের এই বিল উত্থাপন করেন। তবে তখনোও তৃণমূল ও অসম গণপরিষদের সদস্যরা হৈ চৈ চালিয়ে যাচ্ছিল।

বিলটি উত্থাপনের পরপরই রাজ্যসভার চলতি অধিবেশন শেষ হয়ে যায়। ফলে পরবর্তী অধিবেশনে তা নিয়ে আলোচনা হবে।

ভারতের পার্লামেন্টের দুই কক্ষ রাজ্যসভা ও লোকসভায় চূড়ান্ত অনুমোদনের পরই দুই দেশের সীমান্ত জটিলতার জট খুলবে।

কোনো বিল পাস করতে হলে ভারতীয় পার্লামেন্টের উভয়কক্ষ লোকসভা ও রাজ্যসভায় অন্তত দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন দরকার, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট সরকারের তা নেই। আর সেজন্য বিরোধী দলের সমর্থন প্রয়োজন তাদের।

স্থলসীমান্ত চুক্তি ও প্রটোকলের আওতায় ভারতের অভ্যন্তরে বাংলাদেশের মোট সাত হাজার ১১০ একর আয়তনের ৫১টি এবং বাংলাদেশের অভ্যন্তরে ভারতের মোট ১৭ হাজার ১৬০ একর আয়তনের ১১১টি ছিটমহল বিনিময়ের কথা রয়েছে।

বাংলাদেশি ছিটমহলগুলোতে জনসংখ্যা রয়েছে প্রায় ১৪ হাজার এবং ভারতীয় ছিটমহলগুলোতে জনসংখ্যা রয়েছে প্রায় ৩৭ হাজার।

বিজেপি ও অসম গণপরিষদ শুরু থেকে এই বিলের বিরোধিতা করে বলে আসছিল, ছিটমহল বিনিময় হলে যে পরিমাণ জমি হাতবদল হবে, তাতে ভারত প্রায় ৭ হাজার একর বেশি জমি হারাবে।

এরপর নানা তৎপরতায় বিজেপি নরম হলেও অসম গণপরিষদের সঙ্গে যোগ দেয় পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস।

১৯৭৪ সালের ইন্দিরা-মুজিব চুক্তির আওতায় ছিটমহল এবং সীমান্তের ‘অপদখলীয়’ ভূমি বিনিময়ের জন্য ২০১১ সালে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় প্রয়োজনীয় প্রটোকল স্বাক্ষরিত হয়।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার ওই সফরে আসার কথা থাকলেও তিনি আসেননি। তার আপত্তিতে তখন তিস্তার পানি বণ্টন চুক্তিও আটকে যায়, যা এখনো স্বাক্ষরিত হয়নি।

পুরনো খবর:

ছিটমহল বিনিময়: বিজেপির নরম সুর
অঙ্গীকার রাখল না দিল্লি
সীমান্ত চুক্তি বাস্তবায়নের আশ্বাস মনমোহনের