২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দণ্ডিতদের স্বীকৃতি দিয়ে হতাশা জগন্নাথ ছাত্রলীগ নেতাদের

বিশ্বজিৎ দাস হত্যাকাণ্ডে দণ্ডিতদের দায় আওয়ামী লীগ নিতে না চাইলেও তাদের সংগঠনের কর্মী হিসেবে স্বীকৃতি দিয়ে আদালতের রায়ে হতাশা প্রকাশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2013, 05:00 PM

Updated : 23 Aug 2022, 07:30 PM

বুধবার বহুল আলোচিত এই মামলার রায়ের সময় পুরান ঢাকার আদালতপাড়ায় উপস্থিত ছিলেন ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা-কর্মী। রায়ের পর অনেককে কাঁদতেও দেখা যায়।

আটজনকে মৃত্যুদণ্ড এবং ১৩ জনকে যাবজ্জীবন দিয়ে ঢাকার আদালতের রায়ের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি সুকান্ত ব্রহ্ম হতাশা প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত সুবিচার করেনি।

“এই রায় সন্তোষজনক নয়। আমরা মেনে নিতে পারছি না। প্রকৃতপক্ষে যারা দোষী, শুধু তাদের শাস্তি হলে মেনে নেয়া যেত। কিন্তু এখানে বেশিরভাগই হত্যার সঙ্গে জড়িত ছিল না।”

২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবরোধের মধ্যে ছাত্রলীগের মিছিল থেকে একদল ছুটে গিয়ে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের কাছে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে দরজি দোকানি বিশ্বজিৎকে।

হত্যার ওই দৃশ্য টেলিভিশনসহ গণমাধ্যমে প্রচার হলে সমালোচনা উঠে দেশজুড়ে। খুনি হিসেবে চিহ্নিতরা সবাই ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনের কর্মী হওয়ায় সরকারও বিরোধী দলের সমালোচনার মুখে পড়ে।

তখন প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সংবাদ সম্মেলন ডেকে বলেন, বিশ্বজিৎ হত্যাকাণ্ডে জড়িতরা ছাত্রলীগের কর্মী নয়, অনুপ্রবেশকারী। একই কথা বলেন পরিবেশমন্ত্রী হাছান মাহমুদসহ আওয়ামী লীগের অন্য নেতারাও।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এএইচএম বদিউজ্জামান সোহাগ তখন বলেছিলেন, চিহ্নিত খুনিরা তার সংগঠন থেকে ‘বিতাড়িত’ এবং তাদের ধরিয়ে দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা হবে।    

তবে সুকান্ত ব্রহ্ম দাবি করেছেন, দণ্ডিতদের কয়েকজন ছাত্রলীগের কর্মী। তবে তারা নির্দোষ।

“এদের (মৃত্যুদণ্ডে দণ্ডিত) মধ্যে দুই-তিন জন ওই দিন ঘটনাস্থলে আসেইনি। তারপরও তাদের ফাঁসি দেয়া হয়েছে।” 

মৃত্যুদণ্ডে দণ্ডিত আটজনের মধ্যে রফিকুল ইসলাম শাকিলকে ওই দিনের ঘটনার ছবিতে চাপাতি হাতে বিশ্বজিৎকে কোপাতে দেখা যায়। মাহফুজুর রহমান নাহিদ, এমদাদুল হক এমদাদসহ অন্যদের রড-লাঠি হাতে পেটাতে দেখা যায়।

দণ্ডিতদের ‘নিদোর্ষ’ দাবি করে প্রতিক্রিয়া জানানোর সময় সুকান্তের পাশে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তানজিল রহমান খান, প্রচার সম্পাদক আনিসুর রহমান শিশির এবং উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদক রুবেল হাওলাদার।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি এস এম শরিফুল ইসলাম অনুপস্থিত ছিলেন। তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া গেছে।

পুরনো খবর:

বিশ্বজিৎ হত্যার দায়ে ৮ জনের ফাঁসি, ১৩ জনকে যাবজ্জীবন
‘ধাওয়া করে কোপানোর পর নামিয়ে পেটানো হয় বিশ্বজিৎকে’
আদালতে কাঁদলেন বিশ্বজিতের বাবা