বেনাপোলে গণপিটুনিতে ‘গরুচোর’ নিহত
যশোরের বেনাপোলে গরুচোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী।
বুধবার গভীর রাতে বেনাপোলের তালশারী গ্রামে এ ঘটনায় নিহত শহিদুল ইসলাম একই গ্রামের আজমত আলির ছেলে বলে পুলিশ জানিয়েছে।
বেনাপোল পোর্ট থানার ওসি কাইয়ুম আলী সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১২ টার দিকে শহিদুল ওই গ্রামের ভাঙ্গাড়ী ব্যবসায়ী ফজের আলির বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে যায়। এ সময় গ্রামবাসী তাকে ধরে ফেলে এবং বেধড়ক পিটুনি দেয়।
পিটুনির এক পর্যায়ে শহিদুলের স্বজনরা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
