২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় যুবলীগের এক নেতাকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ হত্যাকাণ্ডের জন্য জামায়াত-শিবিরকে দায়ী করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2013, 01:42 PM

Updated : 23 Aug 2022, 07:30 PM

মঙ্গলবার রাতে উপজেলার উত্তর রাযপুর গ্রাম থেকে কিরণ পাঠানের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয় বলে রায়পুর থানার ওসি রুপক কুমার সাহা জানান।

রায়পুর গ্রামের মুনসুর পাঠানের ছেলে কিরণ উপজেলা যুবলীগের সদস্য ও চরমোহনা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক।

জেলা যুবলীগ আহ্বায়ক সৈয়দ আহম্মদ পাটোয়ারী ও যুগ্ম আহবায়ক এ কে এম সালাউদ্দিন টিপু এ হত্যাকাণ্ডের জন্য জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবিরকে দায়ী করেছেন।

ওসি রূপক বলেন, রাত সোয়া ৯টার দিকে উত্তর রায়পুর গ্রামে বাড়ির কাছে কিরণকে কুপিয়ে ও পরে গলা কেটে হত্যা করা হয়। পুলিশ রাতেই তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ময়নাতদন্তের জন্য লাশ সকালে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।