২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধে পেটের দায়ে রিকশাচালকের মদ বিক্রি

হরতাল-অবরোধের মতো কর্মসূচির কারণে বেশ কিছুদিন ধরেই আয়-রোজগার হচ্ছিল না রিকশাচালক জামালের। পেট তো চালাতে হবে। চালাতে হবে পরিবার-সংসার। তাই শেষ পর্যন্ত বেছে নিলেন ‘চোলাই মদ’ বিক্রির অবৈধ ব্যবসা। তবে রোজগার নয়, পুলিশের হাতে ধরা পড়ে কারাগারে যেতে হলো তাকে।  

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2013, 08:42 PM

Updated : 23 Aug 2022, 07:29 PM

ঘটনাটি চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন পাথরঘাটা এলাকার। মঙ্গলবার দুপুরে ২২ লিটার চোলাই মদসহ মো. জামালকে (২৫) গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তারের পর সে পুলিশকে জানিয়েছে, দুই সপ্তাহ আগে থেকে সে মদ বিক্রির কাজে যুক্ত হয়। তার আগে জামাল রিকশা চালাত। এর আগে সে টেম্পোর সহকারী হিসেবেও কাজ করেছে।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চট্টগ্রামের পটিয়া উপজেলার শান্তিরহাটে জামালের বাড়ি হলেও সে নগরীর পাথর ঘাটা এলাকায় ভাড়া বাসায় থাকে। তার এক সন্তান রয়েছে।”

তিনি বলেন, “জিজ্ঞাসাবাদে জামাল পুলিশকে জানিয়েছে টেম্পোর হেলপারের কাজ ও রিকশা চালিয়ে সে সংসার চালাত। কিন্তু হরতাল ও অবরোধে সংসার চালানো কষ্টকর হয়ে যাওয়ায় বেশি আয়ের আশায় ১৫ দিন আগে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।

গত ২৫ নভেম্বর নির্বাচন কমিশন নির্বাচনের দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ২৬ নভেম্বর থেকে তিন দফায় মোট ১৪ দিন অবরোধে সহিংসতায় সারাদেশে ৭৫ জনের বেশি নিহত হয়েছেন।

অন্যান্য সময় অবরোধে দূরপাল্লার যান চলাচলে বাধা দেয়ার নজির মিললেও এবারই প্রথম রিকশা, টেম্পো থেকে শুরু করে সব ধরনের যানবাহন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে দেখা গেছে।  

রাঙামাটি সড়কের শান্তির হাট থেকে প্রতিলিটার ২৫০ টাকা দরে মদ কিনে নগরীতে ৫০০ টাকা দরে জামাল বিক্রি করতো বলেও জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।

সে জানিয়েছে, প্রতিবার মদ নিয়ে এলে তার দুই হাজার টাকা থাকতো, যা দিয়ে চলতো তার সংসার।