২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আতঙ্কে এখনো রাতে ঘুম হয় না’

কাদের মোল্লার ফাঁসির রাতে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ভুষিরবন্দরে জামায়াত-শিবিরের তাণ্ডবের আতঙ্ক এখনো ভুলতে পারছেন না ভুক্তভোগীরা।

দিনাজপুর প্রতিনিধি

মোর্শেদুর রহমান,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2013, 07:48 PM

Updated : 13 Oct 2022, 03:08 PM

ওই রাতে (১২ ডিসেম্বর) ফাঁসি কার‌্যকরের আগে বাড়িঘরের মায়া ছেড়ে পালিয়ে না গেলে কী হতো তা ভাবতেও শিউরে উঠছেন ব্যবসায়ী ভবানী শংকর আগরওয়ালা ও সুনীল কুমার সাহা।

যুদ্ধাপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হয় গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত ১০টা ১মিনিটে।

এরপর দেশের বিভিন্ন স্থানে তাণ্ডবে মেতে ওঠে জামায়াত-শিবির সমর্থকরা। আওয়ামী লীগ নেতাকর্মী ও ধর্মীয় সংখ্যালঘুর বাড়িঘরে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগসহ খুন-জখম করতে শুরু করে।

স্থানীয়রা জানিয়েছেন, জেলার চিরিরবন্দরের ভুষিরবন্দর, খানসামার পাকেরহাট ও ঘোড়াঘাটের ভাদুরিয়ায় রাতভর চলে জামায়াত-শিবিরের তাণ্ডব।

হামলার আশঙ্কায় আতংকিত ধর্মীয় সংখ্যালঘুরা আগেই ঘরবাড়ি ছেড়ে নিরাপদে চলে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি। 

দিনাজপুর মটর মালেক গ্রুপের সভাপতি ভবানী শংকর আগরওয়ালা জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে ভুষিরবন্দরে তার বাড়িতে আগুন দেয়া হয়।

তিনি দাবি করেন, এতে তার পাঁচটি যাত্রীবাহী বাস, একটি পিকআপ ভ্যান, একটি পাজেরো জিপ ও দুটি মোটরসাইকেল পুড়ে গেছে।

তার সার-কীটনাশকের দোকানে অগ্নিসংযোগ করা হয় বলেও জানান তিনি। 

ভবানীর বাড়ির পাশেই তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কুমার সাহার বাড়িতেও আগুন দেয়া হয়।

এর আগে সন্ধ্যায় পাকেরহাটের রামনগর গ্রামে ধর্মীয় সংখ্যালঘু ৬টি পরিবারের বাড়িতে আগুন দেয়া হয়।

গভীর রাতে ঘোড়াঘাট উপজেলার ভাদুরিয়ায় দিনাজপুর-৬ আসনের বর্তমান সাংসদ আজিজুর রহমান চৌধুরীর বাড়ি, পেট্রোল পাম্প ও দুটি ট্রাকে আগুন দেয়া হয়।

তাণ্ডবে সব থেকে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন ভবানী শংকর।

এছাড়াও চেয়ারম্যান সুনীলের বাড়ির আঙ্গিনায় থাকা বড় বড় দুটি ধানের পুঞ্জসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়েছে।

ভবানী এবং সুনীল ওই তাণ্ডবের নিরপেক্ষ তদন্ত দাবি করেন এবং ঘটনার জন্য প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

প্রশাসন নিরাপত্তা দিতে পারেনি জানিয়ে তারা বলেন, সেই রাতে ঘর-বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে না পারলে তাদের যে পরিণতি হতে পারতো, তা ভেবে এখনো রাতে ঘুম আসে না।