সিরাজগঞ্জে ৪ ট্রাক ভাংচুর
১৮ দলের টানা ৭২ ঘণ্টার অবরোধের প্রথমদিন মঙ্গলবার সিরাজগঞ্জে চারটি ট্রাকে ভাংচুর করেছে পিকেটাররা।
এরমধ্যে রয়েছে সলঙ্গার নলকার কামারবাড়িতে দুইটি এবং হাটিকুমরুল-বনপাড়া সড়কের চড়িয়া কান্দিপাড়ায় দুইটি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আলী ফরিদ আহম্মেদ জানান, ভোরে পিকেটাররা এ চারটি ট্রাকে ভাংচুর চালায়। এ সময় তারা একটি ট্রাকের চালককে মারপিটও করে।
পয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছলে পিকেটাররা পালিয়ে যায়। ক্ষতিগ্রস্ত ট্রাকগুলো নিরাপদে রাখা হয়েছে।
এছাড়া ভোরে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের খোকসাবাড়ি ও সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কের তেলকুপিতে জামায়াত-শিবির নেতাকর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ ও মিছিল করে।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌছলে মিছিলকারীরা পালিয়ে যায়।
অপরদিকে, সোমবার গভীর রাতে সিরাজগঞ্জ-২ আসনে বেসরকারিভাবে নির্বাচিত আওয়ামী লীগ প্রার্থী হাবিবে মিল্লাত মুন্নার বাসভবনের সামনে দুটি হাতবোমার বিস্ফারণ ঘটায় দুর্বৃত্তরা।
সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, ভোরে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরিস্থিতি মোকাবেলায় র্যাব, পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন রয়েছে।
