২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চতুর্থ দফা অবরোধ শুরু

মাঝে কয়েকদিন বিরতির পর নির্দলীয় সরকার ও নির্বাচন স্থগিতের দাবিতে আবার তিন দিন অবরোধ শুরু করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2013, 09:20 AM

Updated : 23 Aug 2022, 07:29 PM

মঙ্গলবার সকালে অবরোধের শুরুতে রাজধানীর ক্ষিলক্ষেত এলাকায় বিএনপি কর্মীরা ঝটিকা মিছিল বের করে কয়েকটি হাতবোমা ফাটায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই তারা সরে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।  

হাতবোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে রাজধানীর বিজয় সরণি এলাকাতেও। তবে অবরোধের প্রথম তিন ঘণ্টায় ঢাকার কোথাও বড় কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি। 

ভোর ৬টায় অবরোধ শুরুর আগেই রাজধানীর সড়কগুলোতে বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব অবস্থান নিয়েছে। বিভিন্ন স্থানে যানবাহনে তল্লাশি চালাতেও দেখা গেছে।   

অবরোধের কারণে রাজধানীর সায়দাবাদ, মহাখালী ও গাবতলী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। পোস্তগোলা ও বাবুবাজার ব্রিজ দিয়েও কোনো বাস যাওয়া-আসা করছে না।

রাজধানীর সব সড়কে রিকশা, অটোরিকশাসহ ছোট যানবাহন চলাচল করলেও গণপরিবহনের সংখ্যা কম। অবশ্য লঞ্চ ও রেল চলাচল স্বাভাবিক বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সোমবার বিজয় দিবসের সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে চতুর্থ দফা অবরোধের এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, শুক্রবার সকাল ৬টা পর্যন্ত এই কর্মসূচি চলবে। আগের মতো এবারো রাজপথ-রেলপথ-নৌপথ অবরোধ করা হবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিকালে এই সংবাদ সম্মেলনে তিনি বলেন, “দেশের বৃহত্তর স্বার্থে জনগণ স্বতস্ফূর্তভাবে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি সফল করবে বলে আমরা বিশ্বাস করি।”

গত ২৫ নভেম্বর নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণার পর ২৬ নভেম্বর থেকে তিন দফায় মোট ১৪ দিন অবরোধে সংঘাতে ৭৫ জনের বেশি নিহত হয়েছেন।

এর আগের অবরোধ কর্মসূচি গত শুক্রবার সকালে শেষ হলেও এর পরের কার্যদিবস রোববার হরতাল ছিল ১৮ দলের জোট শরিক জামায়াতে ইসলামীর।

যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের প্রতিবাদে বিজয় দিবসের আগের দিন জামায়াতের হরতাল শেষে বিজয় দিবসের পরদিন থেকে আবার অবরোধ শুরু হচ্ছে।

অবরোধে সহিংসতার জন্য সরকারকে দায়ী করে নজরুল বলেন, সরকার ‘জনগণের দাবি’ মেনে নেয়ার ঘোষণা দিলেই কর্মসূচি স্থগিত করা হবে।

১৮ দলের বিরোধিতার মধ্যেই নির্বাচনে এগিয়ে চলছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। নির্বাচন স্থগিত না করলে আরো কঠোর কর্মসূচি দেয়ার হুমকি রয়েছে বিএনপির।

এর মধ্যেই গত শনিবার এক সভায় বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মসূচির নামে সহিংসতা ‘সহ্য’ না করার ঘোষণা দিয়ে বিরোধী দলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দেন। 

পুরনো খবর:

আবার অবরোধ