বিজয় দিবসে লাউয়াছড়ায় বন্যপ্রাণী অবমুক্ত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ‘বাংলাদেশ বণ্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের’ উদ্যোগে লাউয়াছড়া জাতীয় উদ্যানে ১৮টি বন্যপ্রাণী অবমুক্ত করা হয়েছে।
সোমবার দুপুরে বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের অধিনায়ক কর্নেল আবু সালেহ মো. গোলাম আম্বিয়া আনুষ্ঠানিকভাবে প্রাণীগুলোকে বনে ছেড়ে দেন। এছাড়াও তিনি সেখানে একটি বৃক্ষের চারাও রোপন করেন।
প্রাণীগুলোর মধ্যে রয়েছে দুইটি অজগর সাপ, একটি মেছো বাঘ, একটি লজ্জাবতী বানর তিনটি বন বিড়াল, চারটি তক্ষক, দুইটি নিশি বক ও পাঁচটি রয়েল স্লাইপ।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান বন্যপ্রাণী সংরক্ষণবিদ সীতেশ রঞ্জন দেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেলার বিভিন্ন স্থান থেকে প্রাণীগুলো গত একমাসে বনাঞ্চল থেকে খাবারের সন্ধানে লোকালয়ে এসে মানুষের হাতে ধরা পড়ে।
এরমধ্যে কোনো কোনোটি মানুষের আঘাতে আহতও হয়। প্রাণীগুলোকে তিনি উদ্ধার করে নিজ দায়িত্বে সেবাশ্রমে রেখে চিকিৎসা ও সেবা শুশ্রূষায় সুস্থ করে তোলেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন, ১৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফ উদ্দিন, মেজর মাজেদ, মেজর সাহেদ মেহের, বনবিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় কর্মকর্তা মাহবুবুর রহমান, রেঞ্জ কর্মকর্তা গোলাম মর্তূজা, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি গোপাল দেব চৌধুরী প্রমুখ।
ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, “বিজয় দিবসে প্রাণীগুলোকে আপন ঠিকানায় ফিরিয়ে দিতে পেরে আমরা গর্বিত।”
