হাওয়া ছেড়ে উপাচার্যের গাড়ি আটকালেন শিক্ষকরা
আন্দোলনরত শিক্ষকরা চাকার হাওয়া ছেড়ে দেয়ায় নিজের গাড়িতে ঢাকায় ফিরতে পারেননি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ার হোসেন।
সোমবার বিজয় দিবসে সাভারের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে দুটি অনুষ্ঠানে যোগ দিতে বিশ্ববিদ্যালয়ে আসেন অসুস্থতাজনিত নৈমিত্তিক ছুটিতে থাকা অধ্যাপক আনোয়ার।
উপউপাচার্য আফসার আহমদের বাসভবনে উপাচার্যের উপস্থিতি সম্পর্কে জানতে পেরে সকাল ৯টার দিকে সেখানে জড়ো হন আন্দোলনরত শিক্ষকদের একটি দল।
এ সময় উপাচার্যের গাড়ির দুটি চাকার হাওয়া ছেড়ে দেন তারা।
পরে কোনো অনুষ্ঠানে যোগ না দিয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের গাড়িতে চড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন উপাচার্য আনোয়ার।
প্রক্টর মুজিবর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আন্দোলনরত শিক্ষকরা উপাচার্যের জন্য নির্ধারিত গাড়িটি বিশ্ববিদ্যালয়ে রেখে দিয়েছেন।
গত ৫ ডিসেম্বর দুপুরে শিক্ষকদের আন্দোলনের মুখে পুলিশ পাহারায় সস্ত্রীক বিশ্ববিদ্যালয় ছাড়েন অধ্যাপক আনোয়ার।
উপাচার্য পদ থেকে আনোয়ার হোসেনকে অপসারণের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে আসছে শিক্ষকদের একাংশ।
ফটোগ্রাফিক সোসাইটি
বিশ্ববিদ্যালয়ের আলোকচিত্রীদের নিয়ে আলোকচিত্র প্রদর্শনী ও শোভাযাত্রার মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি।
সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে প্রদর্শনীর উদ্বোধন করেন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য এমএ মতিন।
