২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে সংঘর্ষে নিহত ৩

জয়পুরহাটের সদর উপজেলায় জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হন অন্তত পাঁচজন।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2013, 05:51 PM

Updated : 23 Aug 2022, 07:29 PM

রোববার বিকালে পুরানাপৈল এলাকায় এ সংঘর্ষে নিহতরা হলেন ভ্যানচালক ফিরোজ (৩০), শিবিরকর্মী শামীম হোসেন (২৫) ও ইনসান আলী (৩০)।

ফিরোজ ও আনসান সদর উপজেলার হালট্টি গ্রামের বাসিন্দা। শামীমের বাড়ি একই উপজেলার জলাটুল গ্রামে।

পুলিশ এ তিনজনের পরিচয় নিশ্চিত করেছে।

সদর থানার ওসি আব্দুর রশিদ বলেন, বিকালে সশস্ত্র জামায়াত-শিবির কর্মীরা পুরানাপৈল বাজারে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে পাঁচটি পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং বিভিন্ন সরকারি কার্যালয়ে নাশকতা চালায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ গেলে তারা পুলিশের উপর তীর-ধনুক ও হাতবোমা হামলা চালায়।

ওসি বলেন, পুলিশ বাধ্য হয়ে অ্যাকশনে গেলে সংঘর্ষ শুরু হয়।

লাশ জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভ্যান চালক ফিরোজ অদূরে দাঁড়িয়ে সংঘর্ষ দেখছিলেন।

এ ঘটনার পর জয়পুরহাট শহরে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

জেলা প্রশাসক মো. ইয়াসিন বলেন, রোববার বিকাল ৫টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এ ছাড়া জেলার কালাই উপজেলার মোসলেম বাজারে সকাল সাড়ে ১০টার দিকে জামায়াত-শিবিরের সঙ্গে আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছেন কালাই থানার ওসি রমজান আলী।