যুদ্ধাপরাধী আশরাফকে ফেরতের দাবি নিউ ইয়র্কে
শহীদ বুদ্ধিজীবী দিবসে নিউ ইয়র্কে বাংলাদেশিদের এক সমাবেশ থেকে একাত্তরে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের জন্য মৃত্যুদণ্ডে দণ্ডিত আশরাফুজ্জামান খানকে বাংলাদেশে ফেরত নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
শুক্রবার জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের এই সমাবেশ থেকে যুক্তরাষ্ট্রে অবস্থানরত আশরাফুজ্জামানের সঙ্গে সব ধরনের সামাজিক সম্পর্ক ছিন্ন করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়।
গত ১৭ বছর ধরে নিউ ইয়র্কে শহীদ বুদ্ধিজীবী দিবসে কর্মসূচি পালিত হয়ে এলেও যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকরের পর এবার সমাবেশে উপস্থিতি ছিল বেশি।
কাদের মোল্লার মতো আল বদর নেতা আশরাফুজ্জামানকেও মৃত্যুদণ্ড দিয়েছে একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাকে পলাতক দেখিয়েই এই বিচার সম্পন্ন হয়।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক মিথুন আহমেদ বলেন, “আল বদর নেতা আশরাফুজ্জামান খান নিউ ইয়র্কে বাস করছে। ইকনা এবং মুসলিম উম্মার সাথে সে সম্পৃক্ত থাকায় সংগঠনগুলো সুধীসমাজে প্রশ্নবিদ্ধ হচ্ছে। কেউ কেউ এই খুনির নেতৃত্বে জুমার নামাজও আদায় করছেন।
“এ জন্যেই আমরা সকলের কাছে উদাত্ত আহ্বান রাখছি, আদালতে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির সাথে সামাজিক ও ধর্মীয় সম্পর্ক ছিন্ন করতে। একইসাথে বাংলাদেশ সরকারের কাছেও আমাদের দাবি হচ্ছে, আশরাফুজ্জামানকে যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে নিতে দ্রুত পদক্ষেপ গ্রহণের।”
সমাবেশে খোলা আকাশের নিচে প্রবাসের ১৪ শিল্পী মুক্তিযুদ্ধের ছবি আঁকেন। তারা হলেন- মতলুব আলী, ইকবাল হোসেন, তাজুল ইমাম, বিশ্বজিৎ চৌধুরী, সৈয়দ আজিজুর রহমান, টিপু আলম, কায়সার কামাল, মাহমুদুর রহমান রোকন, মোস্তফা আরশাদ, তারিফ, কঁচি, জুয়েল প্রমুখ।
রাত ঠিক ১২টায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রদীপ প্রজ্জ্বলন করেন মুক্তিযোদ্ধা ও সমাজকর্মী রতন বড়ুয়া, মুক্তিযুদ্ধের সঙ্গীত পরিবেশন করেন প্রবাসী শিল্পীরা।
শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ছেলে ফাহিম রেজা নূর সমাবেশে বক্তব্যে শহীদের ঘাতকদের বিচারে ঐক্যবদ্ধ থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান।
বক্তব্য রাখেন ফরাসত আলী, সউদ চৌধুরী, আব্দুল মুকিত চৌধুরী, রাশেদ আহমেদ, প্রদীপ রঞ্জন কর, শরাফ সরকার, মাসুদুল হাসান, লুৎফুন্নাহার লতা, নিনি ওয়াহেদ, আকবর হায়দার কিরণ, জাকারিয়া চৌধুরী, তৈয়বুর রহমান টনি, আমানউদৌলাহ, মহিউদ্দিন দেওয়ান প্রমুখ।
