বাসে আগুন, বেঁচে গেলেন কর্মচারী
চাঁদপুর সদর ও কচুয়া উপজেলায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার গভীর রাতে পৃথক এ দুই ঘটনায় কেউ হতাহত হয়নি।
তবে, একটি গাড়িতে থাকা এক কর্মচারী দ্রুত বের হয়ে আসতে পারায় দগ্ধ হননি।
এর মধ্যে সদরের বাবুরহাট এলাকায় বাবুরহাট ফিলিং স্টেশনের সামনে দাঁড়ানো অবস্থায় ‘জৈনপুরী এক্সপ্রেস’ নামের একটি বাসে আগুন দেয়া হয়।
বাসটির কর্মচারী মো. ইমন জানান, রাত ২টার দিকে তিনি বাসের ভেতর কম্বল গায় ঘুমিয়ে ছিলেন।
হঠাৎ তাপ অনুভব করে উঠে দেখেন বাসের ভেতর আগুন জ্বলছে।
এ সময় তিনি জানালা দিয়ে বের হয়ে লোকজন ডাকেন। পরে সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনলেও বাসের ভেতরের অংশ সম্পূর্ণ পুড়ে যায়।
স্থানীয় হার্ডওয়ার ব্যবসায়ী আশরাফুল আমিন জানান, লোকজন আগুন নিয়ন্ত্রণে না আনলে পাশে থাকা ৮টি হার্ডওয়ার দোকান ও ফিলিং স্টেশনে থাকা ১০/১২টি বাসে আগুন ধরে যেত।
এদিকে কচুয়া থানার ওসি আলমগীর হোসেন মজুমদার জানান, কচুয়া-সাচার সড়কের মনপুরা এলাকায় ‘সুরমা’ নামের একটি বাসে গভীর রাতে আগুন দেয়া হয়। ওই সময় বাসে কোনো যাত্রী ছিল না।
পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনায় তেমন ক্ষতি হয়নি, বলেন ওসি।
