চট্টগ্রামে ‘রুখে দাড়াও বাংলাদেশ’র পদযাত্রা
সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে চট্টগ্রামে পদযাত্রা ও সমাবেশ করেছে ‘রুখে দাঁড়াও বাংলাদেশ’।
শনিবার সকাল ১১টায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সংগঠনটির ব্যানারে পদযাত্রা শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবে এসে সমাবেশে মিলিত হয়।
সেখানে ঘোষণাপত্র পাঠ করেন শহীদ জায়া বেগম মুশতারী শফী।
শহীদ জায়া বলেন, স্বাধীনতার ৪২ বছর পর একজন রাজাকারের দণ্ড কার্যকর হওয়ায় জাতির কলঙ্ক মুক্তি শুরু হয়েছে। আশা করি পর্যায়ক্রমে সব যুদ্ধাপরাধীর বিচার শেষ করে সাজা কার্যকর করা হবে।
ফাঁসির রায়কে কেন্দ্র করে সারা দেশে জামায়াত শিবিরের তাণ্ডব ও নাশকতা বন্ধে সরকারের পদক্ষেপ দাবি করেন তিনি।
সমাবেশে আয়োজক সংগঠনের পক্ষ থেকে কবি-সাংবাদিক আবুল মোমেন বলেন, যুদ্ধাপরাধী কাদের মোল্লার রায় কার্যকরের মধ্যে দিয়ে ইতিহাসের দায়মুক্তি শুরু হল। সারাদেশে সাম্প্রদায়িক শক্তির অব্যাহত সন্ত্রাস নৈরাজ্য বন্ধে সব অসাম্প্রদায়িক শক্তিকে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যেতে হবে।
সমাবেশে অন্যান্যের মধ্যে ছিলেন কমিনিস্ট পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কমরেড শাহ আলম, উদীচীর কেন্দ্রীয় সহ-সভাপতি চন্দন দাশ, কবি কামরুল হাসান বাদল, প্রকৌশলি দেলোয়ার মজুমদার, গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সমন্বয়ক শরীফ চৌহান, সাংবাদিক ওমর কায়সার, সংস্কৃতিকর্মী রাশেদ হাসান, উদীচী চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক সুনীল ধর।
পদযাত্রায় অংশ নেয় প্রজন্ম ৭১, উদীচী, প্রমাসহ বিভিন্ন সংগঠন। সমাবেশ শেষে আবৃত্তি পরিবেশন করে প্রমা ও গণসঙ্গীত পরিবেশন করে উদীচী।
