২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাঁসির পর থেকেই জামায়াতের তাণ্ডব

যুদ্ধাপরাধী কাদের মোল্লাকে ফাঁসিতে ঝোলানোর পর বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দিনভর দেশের বিভিন্ন স্থানে তাণ্ডব চালিয়েছে জামায়াত-শিবিরের কর্মীরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2013, 10:11 PM

Updated : 23 Aug 2022, 07:28 PM

বিভিন্ন জেলায় গাছের গুঁড়ি ফেলে ও রাস্তা কেটে সড়ক অবরোধ এবং ভাংচুর, অগ্নিসংযোগ, হাতবোমা বিস্ফোরণ ও হামলাসহ রেল লাইনে নাশকতার চেষ্টা করে তারা।

কয়েকটি স্থানে ধর্মীয় সংখ্যালঘু ও আওয়ামী লীগ নেতাকর্মীর বাড়িতে হামলা চালিয়েছে।  

সাতক্ষীরা, নোয়াখালী, যশোর ও পিরোজপুরে অবরোধ, সংঘর্ষ ও হামলায় ছয়জন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো সংবাদ-

মহাসড়ক ও রেলপথ অবরোধ বগুড়ায়

মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে, রেললাইনের নিচের মাটি খুঁড়ে এবং স্লিপার খুলে নিয়ে দিনের অর্ধেক সময় ঢাকা ও উত্তরবঙ্গের সঙ্গে বগুড়ার যোগাযোগ বিছিন্ন করে রেখেছিল দুর্বৃত্তরা।

বগুড়া রেল স্টেশন সুপারিনটেনডেন্ট বেলাল হোসেন জানান, শহরের নাড়ুয়ামালায় রেল লাইনের ‘প্যান্ডেল ক্লিপ’ খুলে ফেলেছে দূর্বৃত্তরা। সাব গ্রামে লাইনের উপর গাছের গুঁড়ি ফেলে অবরোধ করা হয়। কাহালুর পাল্লায় রেললাইনের নিচের মাটি খুঁড়ে ফেলেছে।  

এসব কারণে বেলা ২টা পর্যন্ত বগুড়ার সঙ্গে দেশের সব জেলার রেল যোগাযোগ বন্ধ ছিল বলে জানান তিনি।

বগুড়া সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম বকুল  জানান, মহাসড়ক অবরোধের কারণে শেরপুর এলাকায় পত্রিকাবাহী গাড়ি আটকা পড়ায় বগুড়াসহ রংপুর বিভাগের কোথাও কোনো জাতীয় দৈনিক পত্রিকা পৌঁছেনি। 

বগুড়ার সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান (সদর ও মিডিয়া) বলেন, দুর্বৃত্তরা অসংখ্য গাছ কেটে রাস্তা অবরোধ করেছে।

বগুড়ার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ গাছের গুঁড়ি অপসারণের কাজ করছে পুলিশ।

শেরপুর-ধুনট সড়কে গাছের গুঁড়ি ফেলে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

বিচ্ছিন্ন কক্সবাজার

চট্টগ্রাম-কক্সবাজার এবং কক্সবাজার-টেকনাফ সড়কের বেশকিছু জায়গায় গাছের গুঁড়ি ফেলে এবং ব্রিজের পাত তুলে জামায়াত-শিবিরের কর্মীরা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয়রা জানান, শুক্রবার ভোরে কক্সবাজার শহরের মাঝখানে অবস্থান নেয় জামায়াত-শিবিরের কর্মীরা। ওই এলাকায় তারা সব ধরনের যানবাহন চলাচল এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়।

এ সময় ওই এলাকার কয়েকটি ব্যাংকে ভাংচুরও চালায় তারা।

বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত জামায়াত-শিবিরের কর্মীরা আওয়ামী লীগের নেতা-কর্মী ও ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর ও দোকানপাটে হামলা করেছে।

এরমধ্যে রয়েছে কক্সবাজার সদরের খুরুশকুল টাইম বাজার ও পালপাড়া বাজারের ১৭ টি দোকান এবং ৪টি বসত বাড়ি। 

খুরুশকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আবদুর রহিম বলেন, “টাইম বাজার ও পালপাড়া বাজারে ১৭টি দোকান ভাংচুর করেছে। এর মধ্যে ১৫টি দোকানের মালিক হিন্দু ধর্মালম্বী, অপর ২টি দোকানের মালিক আওয়ামী লীগ সমর্থিত।”

এছাড়া জামায়াত-শিবির কর্মীরা চারটি হিন্দু বাড়ি ঘেরাও করে ভাংচুর চালায় বলেও তিনি জানান।

রামু থানার ওসি অপ্পেলা রাজু নাহা জানিয়েছেন, মিঠাছড়িতে আওয়ামী লীগ নেতার বাড়িতে ঢিল ছুড়েছে কিছু লোক।

এছাড়া কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের খরুলিয়া, চাকমারকুল, সমুদা ব্রিজ, কালিরছড়া, মেহেরঘোনা, ইসলামপুর নতুন অফিস, চকরিয়াসহ বিভিন্ন স্থানে খুঁটি ও সড়কের দুই পাশের গাছ কেটে ফেলে রাখার খবর পাওয়া গেছে।

তবে চকরিয়ায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে থানার ওসি রণজিত কুমার বড়ুয়া জানান।

চাঁপাইনবাবগঞ্জে ভাংচুর, বোমা বিস্ফোরণ

চাঁপাই নবাবগঞ্জে বৃহস্পতিবার রাতে শহরের বড় ইন্দারা মোড় এলাকায় তাণ্ডব চালিয়েছে জামায়াতের কর্মীরা।

পুলিশ জানায়, ইন্দারা মোড় এলাকায় মার্কেন্টাইল ব্যাংক, যমুনা ব্যাংক, প্রাইম ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংকের শাখা অফিস ভাংচুর করে জামায়াত-শিবির সমর্থকরা।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, চাঁপাইনবাবগঞ্জ-সোনমসজিদ মহাসড়কের শহরের শান্তিমোড় থেকে মহানন্দা ব্রিজ টোলঘর পর্যন্ত রাস্তা অবরোধ করলে আইনশৃংখলা বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এ সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় জামায়াত-শিবির সমর্থকরা।

এছাড়া শিবগঞ্জের মোবারকপুর, টিকরি বাজার, ছত্রাজিতপুরসহ বিভিন্ন জায়গায় বাড়ি ও দোকানপাটে ভাংচুর ও আগুন দেয়ার খবর পাওয়া গেছে।

চাঁদপুরে যানবাহন ভাংচুর, অগ্নিসংযোগ

শুক্রবার ভোরে কচুয়া উপজেলায় জামায়াত-শিবির কর্মীরা একটি বাসে আগুন দেয় বলে পুলিশ জানিয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতে কাদের মোল্লাকে ফাঁসি দেয়ার পরপরই চাঁদপুর সদরের বিভিন্ন স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। চাঁদপুর-কুমিল্লা সড়কের বাবুরহাট, ঘোষের হাট, দেবপুরসহ বিভিন্ন স্থানে শিবিরকর্মীরা যানবাহন ভাংচুর করে।

পুলিশ সুপার মো.আমির জাফর জানান, অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে চাঁদপুরে পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে।

জয়পুরহাটে বাড়িঘরে ভাংচুর, অগ্নিসংযোগ

জয়পুরহাটে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘর ও দোকানপাটে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী জানান, কাদের মোল্লার রায়ের পরপরই বৃহস্পতিবার সদর উপজেলার তাজপুর গ্রামের আওয়ামী লীগ নেতা শহিদুল ও রেজাউল, হানাইল গ্রামের আমানুল্লাহ এবং হেলকুন্ডা গ্রামের ইয়াকুবের বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়।

এছাড়া জামায়াত কর্মীরা পাঁচবিবি উপজেলার কুশুম্বা ও আওলায় ইউনিয়নে আওয়ামী লীগের ১৫ থেকে ২০ জন নেতাকর্মীর বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও অগ্নিসংযোগ করে বলে তিনি জানান।

ফেনীতে গাড়িতে অগ্নিসংযোগ, ভাংচুর 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর পল্লী বিদ্যুৎ এলাকা থেকে লেমুয়া বাজার পর্যন্ত এলাকায় অন্তত ৫টি গাড়িতে অগ্নিসংযোগ এবং ১৫টি গাড়ি ভাংচুর করা হয়।

মহাসড়কের মহিপাল পুলিশ ফাঁড়ির ওসি এএসএম জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার সকাল সাড়ে দশটা থেকে ১টা পর্যন্ত মহাসড়কের এই অংশে দুটি ট্রাক, একটি বাস ও কাভার্ড ভ্যান এবং একটি প্রাইভেট কারে অগ্নিসংযোগ করে জামায়াত-শিবির কর্মীরা।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থালে পৌঁছে ও বিভিন্নস্থানে স্থানীয়ভাবে জনসাধারণ আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় মহাসড়কে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

অগ্নিকাণ্ডের পর পুলিশ, র‌্যাব ও বিজিবি মহাসড়কে নিরাপত্তা জোরদার করেছে। ভাংচুরের ঘটনায় মহাসড়কের ১৫ কিলোমিটার অংশে যানজট লেগে যায়।

দিনাজপুরে রাতভর তাণ্ডব

কাদের মোল্লার ফাঁসিকে কেন্দ্র করে দিনাজপুরের চিরিরবন্দরের ভুষিরবন্দর, খানসামার পাকেরহাট ও ঘোড়াঘাটের ভাদুরিয়ায় রাতভর চলেছে জামায়াত-শিবিরের তাণ্ডব, জানিয়েছেন স্থানীয়রা।

হামলার আশঙ্কায় আতংকিত সংখ্যালঘুরা আগেই ঘরবাড়ি ছেড়ে নিরাপদে চলে যায়। 

দিনাজপুর মটর মালেক গ্রুপের সভাপতি ভবানী শংকর আগরওয়ালা জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে ভুষিরবন্দরে তার বাড়িতে আগুন দেয়া হয়। তিনি দাবি করেন, এতে তার পাঁচটি যাত্রীবাহী বাস, একটি পিকআপ ভ্যান, একটি পাজেরো জিপ ও দুটি মোটরসাইকেল পুড়ে গেছে।

এছাড়াও তার সার-কীটনাশকের দোকানে অগ্নিসংযোগ করা হয় বলেও ভবানী আগরওয়ালা জানান।  

ভবানীর বাড়ির পাশেই তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কুমার সাহার বাড়িতেও আগুন দেয়া হয়।

এর আগে সন্ধ্যায় পাকেরহাটের রামনগর গ্রামে ধর্মীয় সংখ্যালঘু ৬টি পরিবারের বাড়িতে আগুন দেয়া হয়।

এছাড়া গভীর রাতে ঘোড়াঘাট উপজেলার ভাদুরিয়ায় দিনাজপুর-৬ আসনের বর্তমান সাংসদ আজিজুর রহমান চৌধুরীর বাড়ি, পেট্রোল পাম্প ও দুটি ট্রাকে আগুন দেয়া হয়।

ঘোড়াঘাট থানার ওসি ইমরুল কায়েস ফরহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা সংসদ অফিস ভাংচুর

বৃহস্পতিবার রাতে কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের ইউনিয়ন মুক্তিযোদ্ধা অফিস ভাংচুর করেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু।

তিনি অভিযোগ করেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ভোগডাঙ্গার পাটেশ্বরী বাজারে জেলা জামায়াত নেতা আব্দুল মতিন ফারুকী (৫০), ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদ সদস্য আবুল হোসেন, আব্দুল হক, আব্দুল হাই এবং আইয়ুব আলীর নেতৃত্বে ১০০ থেকে ১২০ জনের একটি দল দেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ভাঙচুর করে এবং চেয়ার-টেবিলসহ মূল্যবান জিনিসপত্র লুটপাট করে।

পরে তারা ব্যবসায়ীদের দোকান-পাট, ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে হামলা ও ভাঙচুর চালায়।

ভোগডাঙ্গা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোসলেম উদ্দিন বলেন, ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো ১০০ জনকে আসামি করে কুড়িগ্রাম সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নওগাঁর ভূমি অফিস ও বাসে আগুন

নওগাঁর পোরশা উপজেলায় শুক্রবার ভোরে ভূমি অফিস ও দূরপাল্লার একটি বাসে আগুন দিয়েছে জামায়াত- শিবির কর্মীরা।

পোরশা থানার ওসি শফিউল আলম জানান, শুক্রবার ভোর ৪টার দিকে উপজেলা টিএন্ডটি অফিসের সামনে দাঁড়িয়ে থাকা পোরশা-ঢাকা ‘সোনারতরী’ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। একই সময়ে তারা উপজেলা ভূমি অফিসেও আগুন দেয়।

পরে এলাকাবাসী টের পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পোরশা উপজেলা নিবার্হী কর্মকর্তা ইফতেখার উদ্দিন শামিম জানান, ভূমি অফিসে অগ্নিকাণ্ডে কোনো ক্ষতি হয়নি।

এদিকে দুপুরে শহরের ব্রিজের মোড়ে শিবির কর্মীরা ৫টি টেম্পো ভাংচুর করলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

পাবনায় সংঘর্ষ, গাড়িতে অগ্নিসংযোগ

পাবনার মাধবপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় পুলিশের দুটিসহ আটটি গাড়িতে আগুন দিয়েছে জামায়াত-শিবির কর্মীরা।

শুক্রবার সকাল থেকে সদরের রাজাপুর থেকে গঙ্গারামপুর এলাকায় ঢাকা-পাবনা মহাসড়কে রাস্তার পাশের গাছ কেটে বিভিন্ন স্থানে ফেলে রেখে অবরোধ করে রেখেছে জামায়াত-শিবিরের কর্মীরা। 

মহাসড়কের গাছ সরাতে পুলিশ গেলে মাধবপুরে তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে অবরোধকারীরা। এ সময় পুলিশ বহনকারী একটি মাইক্রোবাস ও লেগুনাসহ আটটি গাড়িতে আগুন দেয় তারা। 

এদিকে, সংবাদ সংগ্রহের জন্য সংঘর্ষস্থলে যাওয়ার পথে জাফরাবাদ এলাকায় জামায়াত-শিবিরের বাধার মুখে পড়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি সৈকত আফরোজ আসাদসহ বিভিন্ন দৈনিক পত্রিকার চার সাংবাদিক। 

পুলিশ সুপার মিরাজুদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মহাসড়কে ফেলে রাখা গাছ ও গাছের গুঁড়ি সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেস্টা করছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাধবপুরে কয়েক রাউন্ড শটগানের গুলিও ছোড়া হয়। 

গাইবান্ধায় দফায় দফায় তাণ্ডব

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত সাদুল্লাপুর, গোবিন্দগঞ্জ, সুন্দরগঞ্জ ও পলাশবাড়ি উপজেলায় দফায় দফায় তাণ্ডব চালিয়েছে জামায়াত-শিবির কর্মীরা।

শুক্রবার বিকালে সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহারিয়া খাঁন বিপ্লব ও বণিক সমিতির সভাপতি শফিউল ইসলাম স্বপনকে কুপিয়ে গুরুতর আহত করে তারা।

হামলাকারীরা এ সময় তাদের দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়।

দুপুরে পলাশবাড়িতে পুলিশ ও বিজিবির সঙ্গে ১৮ দলের নেতাকর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছে ১৮ দলের ৩ কর্মী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর থেকে ব্যক্তিগত কাজ শেষে মোটরসাইকেল যোগে শুক্রবার বিকালে বাসায় ফেরার পথে জামালপুর বাজারে জামাত শিবিরের মিছিলের সামনে পরে সাহারিয়া খাঁন বিপ্লব বিপ্লব ও শফিউল ইসলাম স্বপন।

এ সময় তাদের থামিয়ে উপর্যপুরি কোপাতে থাকে জামাত-শিবিরকর্মীরা। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং এলাকাবাসী উপজেলা সদরে বিএনপি নেতা অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিকের বাড়ী ভাংচুর ও অগ্নিসংযোগ করে।

এদিকে গাইবান্ধা-পলাশবাড়ি সড়কের গ্রামীণ ব্যাংক এলাকায় সড়কের গাছ কেটে অবরোধ সৃষ্টি করে ১৮ দলের কর্মীরা। দুপুরে পুলিশ ও বিজিবি সদস্যরা ওই গাছগুলো সরাতে গেলে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

পলাশবাড়ি থানার ওসি নাসির উদ্দিন মন্ডল জানান, এ সময় পুলিশ ও বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪৮ রাউন্ড শটগানের গুলি ও ১২ রাউন্ড কাদানে গ্যাস ছুঁড়েন।

এ সময় গুলিবিদ্ধ হন ১৮ দলের  মেহেদী হোসেন (২৫) মশিউর রহমান (১৫)  ও আব্দুস ছালাম (২৪)।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে পলাশবাড়ি সড়ক ও জনপথের (সওজ) একটি পাজেরো জীপ, সড়ক ও জনপথ (সওজ) কার্যালয় সংলগ্ন হারুনের ফার্নিচারের দোকান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান কাজলের অনিকা মৎস্য হ্যাচারীতে এবং সুন্দরগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আগুন দেয় জামায়াত-শিবির নেতাকর্মীরা।

অন্যদিকে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কোমরপুর বাজার ও কালিতলা বাজারের কয়েকটি দোকান এবং সুন্দরগঞ্জ উপজেলা ছাইতান তলা বাজারে আওয়ামী লীগ নেতাকর্মীর কয়েকটি দোকানে প্রায় একই সময়ে ভাংচুর চালায় ১৮দলের নেতা-কর্মীরা।