২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গণজাগরণ মঞ্চের বিজয় মিছিল

যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার ফাঁসিতে ঝোলানোর পর চট্টগ্রামে বিজয় মিছিল করেছে চট্টগ্রাম গণজাগরণ মঞ্চসহ বিভিন্ন সংগঠন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2013, 08:46 PM

Updated : 23 Aug 2022, 07:28 PM

শুক্রবার সকালে নগরীর চেরাগী পাহাড় মোড় থেকে শুরু হয়ে বিজয় মিছিলটি চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

শহীদ মিনারে গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে ফুল দিয়ে একাত্তরের শহীদ ও গণজাগরণ মঞ্চের আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

লাল-সবুজের পতাকা হাতের মিছিলে গণজাগরণ মঞ্চের কর্মীদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন অনেক সাধারণ নারী-পুরুষ এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

শহীদ মিনারে এক সংক্ষিপ্ত সমাবেশে কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হওয়াকে বিজয় হিসেবে অভিহিত করে চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান অবিলম্বে অন্যান্য শাস্তিপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের শাস্তি কার্যকরের দাবি জানান।

তিনি বলেন, “যতদিন বাংলাদেশে একজন মুক্তিযোদ্ধাও বেঁচে থাকবে ততদিন এ সংগ্রাম চলবে। লড়াই এখনও শেষ হয়নি। সবাইকে রাজপথে থাকতে হবে।”

সমাবেশে বক্তারা মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ১৯৯২ সালে শহীদ জননী জাহানার ইমামের নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছিল তারই ধারাবাহিকতায় তরুণ প্রজন্মের গণজাগরণ মঞ্চের আন্দোলন চলছে। আবার প্রমাণ হলো বাংলার মানুষ আজও হারেনি।

কর্মসূচিতে বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মী, উদীচী, সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগ, খেলাঘর, আবৃত্তি সংগঠন প্রমা ও বোধন, ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র ফেডারেশন, যুব ইউনিয়ন, যুব মৈত্রী, রক্তকরবী, উৎস,সঙ্গীত ভবনসহ বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সদস্য সচিব ও উদীচীর কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. চন্দন দাশ, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের পূর্বাঞ্চলের সভাপতি মৃণাল চৌধুরী, নারী নেত্রী রেখা চৌধুরী, উদীচী চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক সুনীল ধর, প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি ও সংস্কৃতিকর্মী রাশেদ হাসান, প্রজন্ম একাত্তরের সলিল চৌধুরী, সংস্কৃতিকর্মী শীল দাশগুপ্তা, যুব মৈত্রীর সাধারণ সম্পাদক কায়সার আলম, সংস্কৃতিকর্মী আলাউদ্দিন খোকন এবং ছাত্র ইউনিয়ন সভাপতি রবিউল হোসেন।

এছাড়া ফাঁসির রায় কার্যকরের পর বৃহস্পতিবার রাতে নগরীর লালখান বাজার এলাকায় স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করে।