২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় শিশুকে অপহরণের পর খুন

সাতক্ষীরা সদরে এক শিশুকে অপহরণের পর গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2013, 06:23 PM

Updated : 23 Aug 2022, 07:28 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় রিয়াদ হাসানকে (৯) অপহরণ করা হয়। শুক্রবার সকাল ১০টায় উপজেলার বলাডাঙ্গা দীঘিরপাড়ে তার গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।

রিয়াদ সদরের কাসেমপুর কুচপুকুর গ্রামের জিয়াউর রহমান ডাবলুর একমাত্র ছেলে। সে শহরের অদূরে কদমতলা কিন্ডারগার্ডেনের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

কারা এবং কী কারণে এ অপহরণ ও হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

সাতক্ষীরা জজ আদালতের আইনজীবী আব্দুল লতিফ সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তার শ্যালক জিয়াউর রহমান ডাবলুর ছেলে রিয়াদ বাড়ির সামনের রাস্তায় সাইকেল চালাচ্ছিল।

এসময় একটি মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি রিয়াদকে তুলে নিয়ে যায়। এরপর তার আর সন্ধান পাওয়া যায়নি।

শুক্রবার সকালে বলাডাঙ্গা দীঘির পাড়ের একটি কবরস্থানে তার গুলিবিদ্ধ মৃতদেহ দেখতে পায় স্থানীররা। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রিয়াদের লাশ সনাক্ত করে।

সাতক্ষীরা সদর থানার ওসি ইনামুল হক জানান, তিনি লাশ উদ্ধারের স্থান পরিদর্শন করেছেন।

ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে সদর থানায় একটি মামলার প্রস্তুতি নেয়া হয়েছে।

তবে, কী কারণে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।