২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে রাতভর জামায়াত-শিবিরের তাণ্ডব

যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার ফাঁসিকে কেন্দ্র করে সিরাজগঞ্জ জুড়ে রাতভর তাণ্ডব চালিয়েছে জামায়াতশিবির কর্মীরা।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2013, 01:05 PM

Updated : 13 Oct 2022, 03:07 PM

বৃহস্পতিবার রাত ৯টা থেকে বিভিন্ন উপজেলায় আওয়ামী লীগ নেতাদের বাড়ি-ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, সড়ক অবরোধ করে তারা। বিভিন্ন স্থানে থানা ঘেরাওয়ের চেষ্টা করলে পুলিশ কাঁদুনে গ্যাস, রাবার বুলেট ও ফাঁকা গুলি ছুঁড়ো তাদের ছত্রভঙ্গ করে দেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাতেই জেলায় কয়েক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান জেলা প্রশাসক বিল্লাল হোসেন।

উল্লাপাড়া থানার এসআই আব্দুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৯টার পর থেকে হাজারো নেতাকর্মী লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে পাবনা-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুরের বালসাবাড়ি থেকে উল্লাপাড়ার শ্রীখোলা মোড় পর্যন্ত কয়েকটি স্থানে গাছ কেটে মহাসড়ক অবরোধ করে।

উপজেলা সদরে গভীর রাত পর্যন্ত  মুহুর্মুহু হাতবোমার বিস্ফোরণ ঘটায় তারা।

তিনি আরো জানান, রাত ১১টার দিকে বিক্ষুব্ধরা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। রাত সাড়ে ১১টার দিকে পাট বন্ধরের একটি পাটের গুদাম ও শ্রীখোলা মোড়ে একটি তেলের মিলে আগুন দেয় জামায়াত-শিবির কর্মীরা।

“মধ্যরাতে তারা থানা ঘেরাওয়ের  চেষ্টা করলে পুলিশ ফাঁকাগুলি করে তাদের সরিয়ে দেয়।এ সময় তারা ৮/১০টি দোকানপাট ও কয়েকটি যানবাহনে আগুন দেয়া হয়। ”

এদিকে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে জামায়াত-শিবির কর্মীরা বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কের নলকা এলাকায় একটি ট্রাক ও একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় এবং গাছ ফেলে ওই মহাসড়ক অবরোধ করে রাখে।

ভোরেও সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের কয়েকটি স্থানে অবরোধ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

সদর থানার ওসি (তদন্ত) বাসুদেব সিনহা জানান, সিরাজগঞ্জ-রায়গঞ্জ সড়কের সদর উপজেলার বহুলী ও রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজারে গাছ কেটে সড়ক অবরোধ করেছে জামায়াত-শিবির। একইভাবে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের কামারখন্দ উপজেলার নলকা মোড় ও সদর উপজেলার চন্ডিদাসগাতিতে অবরোধ সৃষ্টি করা হয়।

এ সড়কের নলকা ও চন্ডিদাসগাতিতে দুটি ব্রীজের পাটাতন তুলে ফেলা হয়েছে বলে জানান তিনি।

শিয়ালকোল ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াহাব জানান, গভীর রাতে জামায়াত-শিবির নেতাকর্মীরা তার বাড়িতে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে। ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর আলমসহ তার ছয় ভাইয়ের বসতবাড়িতে আগুন দেয়া হয়।

এছাড়া বেলকুচি উপজেলায় গভীর রাতে একটি সিনেমা হলে আগুন দেয়া হয় ।

উপজেলার মুকুন্দগাতি থেকে মৌবপুর পর্যন্ত আঞ্চলিক সড়কে এলাকায় বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠা, দোকানপাট, বসতবাড়ি ভাংচুর করা হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

জেলা প্রশাসক বিল্লাল হোসেন উল্লাপাড়ায় বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ইতোমধ্যেই মহাসড়কগুলোর কিছু প্রতিবন্ধকতা সরিয়ে ফেলা হয়েছে।  ব্রীজের পাটাতন মেরামতের জন্য সড়ক ও জনপথ বিভাগ সকাল থেকে কাজ করছে।

পরিস্থিতি স্বাভাবিক করতে আরো কিছু সময় লাগবে বলে জানান তিনি।