রিভিউ খারিজ: দেশজুড়ে সহিংসতা
রিভিউ আবেদন খারিজ হওয়ার পর দেশের বিভিন্ন স্থানে হামলা-ভাংচুর করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার দিনব্যাপী এসব সংঘর্ষের তথ্য পাঠিয়েছেন জেলা প্রতিনিধিরা।
ফেনী: শিবিরের হামলায় আহত দুই পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোয়েন্দা পুলিশের ওসি (পরিদর্শক) মো. রাশেদ খান চৌধুরী জানান, দুপুর ১২টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর পল্লী বিদ্যুত এলাকায় শিবির পিকেটাররা পুলিশের গাড়ি লক্ষ্য করে একটি হাতবোমা ছোড়ে।
এতে পুলিশ কনস্টেবল আবু সুফিয়ান ও নুরুল করিম আহত হন।
সাতক্ষীরা: সাতক্ষীরা-আশাশুনি সড়কের রামচন্দ্রপুর মোড়ে পুলিশের সাথে জামায়াত-শিবির কর্মীদের সংঘর্ষ হয়েছে।
সদর থানার ওসি এনামুল হক জানান, সাতক্ষীরা-আশাশুনি সড়ক অবরোধের খবর পেয়ে সকাল পুলিশ সেখানে যায়।
এ সময় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছোড়ে পুলিশ।
সংঘর্ষে দলের পাঁচকর্মী আহত হয়েছে দাবি করলেও তাদের নাম জানাতে পারেনি জামায়াত।
চাঁদপুর: দুপুরে চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কে গাছ ফেলে অবরোধ করেছে ১৮ দলীয় নেতা-কর্মীরা।
ফরিদগঞ্জ থানার ওসি নাজমুল হক বলেন, বেশ কয়েকটি জায়গায় গাছ ফেলে সড়ক অবরোধ করা হয়। পর্যায়ক্রমে চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কের বিভিন্ন স্থানে ফেলে রাখা গাছ অপসারণ করা হচ্ছে।
খাগড়াছড়ি: মানিকছড়ি উপজেলা থেকে পেট্রল বোমাসহ তিন বিএনপির কর্মীকে আটক করেছে পুলিশ।
আটককরা হলেন মানিকছড়ির গুচ্ছগ্রামের মো. ফরিদের ছেলে কামাল হোসেন(১৮), একই এলাকার মো. ইউছুফের ছেলে জহিরুল ইসলাম (১৯) এবং জামাল হোসেনের ছেলে মো. আলমগীর।
মানিকছড়ি থানার ওসি কেশব চক্রবর্তী জানান, বুধবার রাত ১১টার দিকে উপজেলার আমতলী এলাকায় একটি পেট্রল বোমা নিক্ষেপ করার পর একজনকে আটক করা হয়।
তার স্বীকারোক্তি অনুযায়ী বাকি দুজনকে বৃহস্পতিবার আটক করা হয়।
