২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে পুলিশের ওপর শিবিরের হামলা, আহত ১৫

সিলেটে হরতালের সমর্থনে মিছিল থেকে হামলা চালিয়ে এক পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করেছে শিবিরকর্মীরা। 

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2013, 01:49 PM

Updated : 23 Aug 2022, 07:28 PM

এ সময় সংঘর্ষে আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন।

মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো. আয়ূব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৭টার দিকে ওসমানী মেডিকেল কলেজের সামনের রাস্তায় মহানগর জামায়াতের সহ-সেক্রেটারি ফখরুল ইসলামের নেতৃত্বে জামায়াত-শিবিরের একটি মিছিল থেকে পুলিশের ওপর হামলা হয়।

এ সময় তারা পুলিশ বহনকারী একটি লেগুনায় ঢিল ছুড়লে পু্লিশ লাঠিপেটা করে ও রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এরপর ঘটনাস্থল থেকে এক শিবিরকর্মীকে আটকের চেষ্টা করা হলে তারা পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে।

শিবিরকর্মীরা এএসআই আবুল কালামকে ধাওয়া করে ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালের ভেতরে নিয়ে বেধড়ক পেটায়। পরে তাকে ওই হাসপাতালেই ভর্তি করা হয়।

গত মঙ্গলবার সিলেট মহানগর শিবিরের কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে বৃহস্পতিবার সিলেট জেলায় সকাল-সন্ধ্যা এই হরতাল ডাকে সংগঠনটি।