বিজয় দিবসের আগের দিন হরতাল ডাকল হেফাজত
মহাসম্মেলনের জন্য মাঠ ব্যবহারের অনুমতি না পাওয়ায় বিজয় দিবসের আগের দিন রোববার বৃহত্তর চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে হেফাজতে ইসলাম।
একাত্তরের যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে ওঠা গণজাগরণ আন্দোলনবিরোধী হেফাজতের আমির শাহ আহমদ শফীর সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির বৈঠকে হরতালের এই সিদ্ধান্ত হয়।
বৈঠকের পর হেফাজতের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা আগামী ১২ ও ১৩ ডিসেম্বর মহাসম্মেলনের জন্য নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠ ব্যবহারের অনুমতি চেয়েছিলেন।
“কিন্তু অনুমতি না দেয়ায় আগামী রোববার চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছে। পাশাপাশি শুক্রবার বাদ জুমা বিক্ষোভ মিছিল করা হবে।”
হেফাজত নেতারা বলেন, বন্দর নগরীর আন্দরকিল্লা জামে মসজিদ থেকে শুক্রবার মিছিল হবে। পাশাপাশি চট্টগ্রামের সব উপজেলায়ও বিক্ষোভ মিছিল হবে।
গত ফেব্রুয়ারিতে যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তির দাবিতে গণজাগরণ আন্দোলন শুরুর পর তার বিরোধিতায় রাজপথে সক্রিয় হয়েছিল চট্টগ্রামভিত্তিক হেফাজত।
এবার তারা যেদিন হরতালের ঘোষণা দিল, তার একদিন আগেই কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছে গণজাগরণ মঞ্চের কর্মীরা।
নগরীর ওয়াসার মোড় সংলগ্ন জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের মাঠে মহাসম্মেলনের জন্য ১২ ও ১৩ ডিসেম্বর ব্যবহারের অনুমতি চেয়ে গত নভেম্বরে আবেদন করেছিল হেফাজত। কিন্তু মসজিদ পরিচালনাকারী কর্তৃপক্ষ ইসলামী ফাউন্ডেশন মাঠ ব্যবহারের অনুমতি দেয়নি।
এর আগে গত বুধবার এক বিবৃতিতে মহাসম্মেলনের অনুমতি না দিলে সারাদেশ থেকে চট্টগ্রামকে বিচ্ছিন্ন করায় হুমকি দিয়েছিল হেফাজত।
এরপর পাল্টা বিবৃতিতে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী হেফাজতকে ‘ধর্মান্ধ রাষ্ট্রবিরোধী শক্তি’ আখ্যায়িত করে নগরীর কোথাও তাদের সমাবেশের অনুমতি না দিতে পুলিশ ও প্রশাসনকে আহ্বান জানান।
মহিউদ্দিন হুঁশিয়ারি দেন, সমাবেশের জন্য হেফাজতের কর্মীরা নগরীতে ঢুকলে পরিণতি হবে ‘ভয়াবহ’।
চট্টগ্রামের সাবেক এই মেয়র বলেন, “নাশকতা চালিয়ে পবিত্র ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে হেফাজতে ইসলাম এদেশকে জঙ্গী রাষ্ট্রে পরিণত করতে চায়।
“নিকট অতীতে প্রশাসনের অনুমতি নিয়ে বহিরাগত হেফাজতিরা ৫০ লাখ নগরবাসীকে জিম্মি করে নাশকতা চালিয়েছে, অস্ত্রের মহড়া দিয়েছে এবং জমিয়তুল ফালাহ মসজিদের খতিবের ওপর জুতা নিক্ষেপ করেছে।”
“মাত্র গুটিকয়েক ধর্মদ্রোহী লোক সহজ-সরল ধর্মপ্রাণ মানুষকে বিপথগামী করে এ ধরণের বর্বরতা নগরবাসী কিছুতেই মেনে নেবে না,” বলেন তিনি।
