২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে কভার্ডভ্যানে আগুন, মা-মেয়ের মৃত্যু

গাজীপুর মহানগরীর ঢাকা-বাইপাস সড়কের মোগরখাল এলাকায়  হরতাল ও অবরোধ সমর্থকদের ছোড়া পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ হয়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন বাবা ও মেয়ে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2013, 12:37 AM

Updated : 23 Aug 2022, 07:27 PM

মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হল- ভ্যানে থাকা আদম আলীর স্ত্রী ও তার শিশুকন্যা সানজিদা। অগ্নিদগ্ধ হয়েছে আদমসহ তার দুই বছরের মেয়ে সাদিয়া।

খবর পেয়ে গাজীপুর দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। হতাতদের বাড়ি সিরাগঞ্জের উল্লাপাড়ার বাহিমান এলাকায়। তারা নারায়ণগঞ্জের রূপগঞ্জে থাকতেন। আহতদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শাহীন মিয়া জানান, কতিপয় দুর্বৃত্ত ওই ভ্যানের সামনের অংশে পেট্রোল বোমা ছুড়ে মারে। এ সময় বোমা থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে সামনের আসনে থাকা মা ও শিশুকন্যা পুড়ে মারা যায় এবং ওই গাড়ির যাত্রী আদম তার মেয়ে সাদিয়া দ্বগ্ধ হন। আহতদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত আদম আলী জানান, কভার্ডভ্যানটি বগুড়া যাচ্ছিল, তারা নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে গ্রামের বাড়ি সিরাজগঞ্জে যাওয়ার জন্য ওই ভ্যানে ওঠেন। আগুনে তার স্ত্রী সুমি আক্তার (২৮) ও তার মেয়ে সানজিদা আগুনে পুড়ে ভ্যানেই মারা গেছে। তবে তিনি ছোট মেয়ে সাদিয়াকে নিয়ে নেমে  গিয়ে রক্ষা পেয়েছেন।

গাজীপুর সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক প্রণয় কুমার ভূষন দাস জানান, আগুনে আদম আলীর পা এবং সাদিয়ার পা দ্বগ্ধ হয়েছে।

এর আগে রাত ৮টার দিকে ওই বাইপাস সড়কের ভোগড়া এলাকায় হরতাল ও অবরোধ সমর্থকরা একটি বলাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে। পরে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।

এ সময় বাস থেকে হুড়োগুড়ি করে নামতে গিয়ে অন্তত আটজন যাত্রী আহত হয়েছেন বলে জানান ভোগড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. নাজমুল হক।