২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তার চাদরে রাজধানী

যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় বাস্তবায়নকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2013, 10:17 PM

Updated : 23 Aug 2022, 07:26 PM

র‌্যবের মিডিয়া পরিচালক এটিএম হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সুনির্দিষ্ট ভাবে কোন নাশকতার তথ্য না থাকলেও যে কোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত।”

এছাড়াও রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানেরও নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ আশ্রাফুজ্জামান বলেন, “মতিঝিল এলাকায় অবস্থিত বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, স্থাপনা ও জনগনের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।”

রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার বলেন, “সচিবালয়, মগবাজার এলাকাসহ মিন্টু রোডের বিভিন্ন মন্ত্রীদের বাসভবন নিরাপত্তার আওতায় রয়েছে।”

তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব সরকার জানান, “রায়ের বাস্তবায়ন ঘিরে জামায়াত-শিরির যেন কোন ধরনের নাশকতা করতে না পারে সেজন্য প্রধানমন্ত্রী বাসভবন, কার্যালয় নির্বাচন কমিশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।”

পুলিশের সাধ্যের মধ্যে ‘যেকোনো নাশকতা’ কঠোর ভাবে দমন করা হবে বলে জানান তিনি।

গুলশান জোনের উপকমিশনার খন্দকার লুত্ফর কবির বলেন, “গুলশানের কূটনৈতিক এলাকাসহ বিভিন্ন স্থাপনা নিরাপত্তা বেষ্টনির মধ্যে রয়েছে।”

লালবাগ এলাকার উপ-কমিশনার হারুন অর রশিদ জানান, পুলিশ রায়ের বাস্তবায়ন ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগার এ বিভাগের অধীনে, যেখানে কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়ার কথা।

গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাদের মোল্লাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজার রায় দেয়। এর প্রতিক্রিয়ায় শাহবাগে গড়ে ওঠা আন্দোলন থেকে যুদ্ধাপরাধীর ফাঁসির দাবি ওঠে।

এরপর আপিলের রায়ে সর্বোচ্চ আদালত এই জামায়াত নেতাকে সর্বোচ্চ শাস্তি দেয়। গত বৃহস্পতিবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর রোববার ট্রাইব্যুনাল মৃত্যু পরোয়ানা জারি করে।

এরপর শুরু হয় মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি।