নৈরাজ্য-হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে সমাবেশ
বিরোধী দলের ডাকা অবরোধ ও হরতালের মধ্যে নৈরাজ্য ও সাধারণ মানুষ হত্যার প্রতিবাদে সমাবেশ করেছে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ।
মঙ্গলবার বিকেলে ফতুল্লার ইসদাইরে ওসমানী স্টেডিয়ামে সমাবেশে আওয়ামী লীগের নেতা সাবেক সাংসদ শামীম ওসমান বলেন, “দেশে নিরীহ মানুষ পুড়িয়ে যে হত্যাযজ্ঞ চলছে তা নির্বাচনের খেলা নয়। কারণ, খালেদা জিয়া নির্বাচন চান না, এটি যুদ্ধাপরাধীদের রক্ষার খেলা।”
জামায়াতের দেশ জ্বালিয়ে দেয়ার হুমকি এবং বিএনপির সহসভাপতি শমসের মবিন চৌধুরী ‘দেশে যুদ্ধ চলছে’ প্রসঙ্গ টেনে বলেন, “এটাই প্রমাণ করে তাদের যুদ্ধ বাংলাদেশের সাধারণ মানুষের বিরুদ্ধে। তাদের দেওয়া ঘোষণার পর বাসে, লঞ্চে, নিরীহ ঘুমন্ত মানুষের শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে গণহত্যা চালানো হচ্ছে।
“শুধু আওয়ামী লীগ বা শেখ হাসিনার জন্য নয়, এদেশের অস্তিত্ব রক্ষায় স্বাধীনতার স্বপক্ষের সকল মানুষকে ‘গর্জে উঠো বাঙালি, গর্জে উঠো বাংলাদেশ” স্লোগানকে বুকে ধারণ করে গর্জে উঠতে হবে।”
জাতিসংঘের আওতায় নির্বাচন করার নামে ‘তথাকথিত সুশীল সমাজ’ দেশে বিদেশী সৈন্য আনার অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
জেলা আওয়ামী লীগ আয়োজিত ‘রুখে দাঁড়ায় বাংলাদেশ’ শীর্ষক এই সমাবেশে সভাপতিত্ব করেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফুল্লাহ বাদল।
অন্যদের মধ্যে বক্তব্য দেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি চন্দন শীল, আইনজীবী সমিতির সাবেক সভাপতি আনিসুর রহমান দীপুসহ জেলা-উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতারা।
