কারাফটকে কাদের মোল্লার পরিবার
মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে আলোচনার মধ্যে কারা কর্তৃপক্ষের চিঠি পেয়ে কারাগারে গেছেন যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার পরিবারের সদস্যরা।
মঙ্গলবার সন্ধ্যায় চিঠি পাঠিয়ে রাত ৮টার মধ্যে কারাগারে গিয়ে জামায়াত নেতার সঙ্গে দেখা করতে তার পরিবারকে বলা হয়েছিল।
সন্ধ্যা ৭টার দিকে দুটি মাইক্রোবোসে করে কারাফটকে উপস্থিত হন কাদের মোল্লার স্ত্রীসহ পরিবারের সদস্যরা।
এই যুদ্ধাপরাধীর দণ্ড কার্যকর নিয়ে দুপুরে সচিবালয়ে সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের বৈঠকের পর সন্ধ্যায় ঢাকার জ্যেষ্ঠ জেল সুপার ফরমান আলীর স্বাক্ষরিত চিঠি যায় কাদের মোল্লার স্ত্রী সানোয়ারা জাহানের কাছে।
দণ্ডিত জামায়াত নেতার ছেলে হাসান জামিল চিঠি পাওয়ার কথা জানিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “পরিবারের নিকট আত্মীয়দের খবর দেয়া হয়েছে। আমরা দেখা করতে যাচ্ছি।”
চিঠিতে সানোয়ারা জাহানকে বলা হয়- “আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনার স্বামী জনাব আব্দুল কাদের মোল্লা, পিতা সানাউল্লাহ মোল্লা, মৃত্যুদণ্ডাদেশ পাওয়া বন্দি হিসেবে অত্র কারাগারে অন্তরীণ। আপনি ও আপনারার নিকট আত্মীয়-স্বজনকে জরুরি ভিত্তিতে অদ্য ৮ ঘটিকার মধ্যে আপনার স্বামীর সাথে সাক্ষাৎ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।”
একাত্তরের খুন-ধর্ষণে দোষী সাব্যস্ত জামায়াত নেতার মৃত্যু পরোয়ানা গত রোববার জারির পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলে আসছেন, এখন কাদের মোল্লার দণ্ড কার্যকরে সরকারের আদেশই যথেষ্ট।
এই জামায়াত নেতার আইনজীবীরা সর্বোচ্চ আদালতের রায় রিভিওয়ের সুযোগ পাওয়ার দাবি করে এলেও সংবিধানে যুদ্ধাপরাধীর সেই সুযোগ নেই বলে সরকারের ভাষ্য।
কাদের মোল্লা বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। তার সঙ্গে মঙ্গলবার সকালে দেখা করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাকসহ আইনজীবীরা।
মৃত্যুদণ্ডে দণ্ডিত কাদের মোল্লা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারেন এবং সেই আবেদন পূর্ণাঙ্গ রায় প্রকাশের সাত দিনের মধ্যে করতে হবে। তার দুদিন ইতোমধ্যে পেরিয়ে গেলেও কাদের মোল্লা এই বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাননি।
কাদের মোল্লার সঙ্গে দেখা করে রাজ্জাক বলেন, তাকে রিভিউ আবেদন করতে বলা হয়েছে। আর ক্ষমা প্রার্থনার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি আসামি।
এর মধ্যেই দুপুরে কাদের মোল্লার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন নিয়ে সচিবালয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন প্রধানমন্ত্রীর আইন বিষয়ক উপদেষ্টা শফিক আহমেদ।
ওই বৈঠকে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিবন্ধক এ কে এম নাসির উদ্দিন মাহমুদ ছিলেন।
এছাড়াও ছিলেন আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, স্বরাষ্ট্র সচিব সি কিউ কে মুসতাক আহমেদ, পুলিশ মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার।
বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে আইন প্রতিমন্ত্রী শুধু বলেন, “সন্ধ্যা ৭টায় (মঙ্গলবার) আমার বাড়িতে এ বিষয়ে কথা বলব।”
সন্ধ্যা ৭টার দিকে আইন প্রতিমন্ত্রীর বাড়িতে স্বরাষ্ট্রমন্ত্রী টুকুও উপস্থিত হয়েছেন।
