ভবন পরিদর্শনের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) দুই কর্মকর্তার পরিচয় দিয়ে ভবন পরিদর্শনের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বাড়ির মালিকদের এভাবে প্রতারিত হওয়ার বিষয়টি স্বীকার করে ভুক্তভোগীদের পুলিশের সহায়তা নেয়ার পরামর্শ দিয়েছেন রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ(ডেভলপমেন্ট কন্ট্রোল)পরিচালক গোলাম মোস্তফা।
সম্প্রতি রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার একজন বাড়ির মালিক এ ধরনের প্রতারণার শিকার হন।
পরিচয় প্রকাশে অনিচ্ছুক ওই বাড়ির মালিক রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কিছুদিন আগে রাজউকের নকশা অনুমোদন শাখার পরিদর্শক নজরুল ইসলাম পরিচয়ে দিয়ে এক ব্যক্তি আমার বাড়িতে এসে বাড়ির নকশা দেখতে চান। তিনি বলেন, রাজউক পরিচালিত সার্ভে-২০১৩ এর জন্য নকশা দেখাতে হবে।
“তাকে বাড়ির নকশা দেয়া হলে তিনি তা দেখে বলেন, বাড়ি নকশা অনুযায়ী নির্মিত হয়নি। এসময় ২৫ হাজার টাকার বিনিময়ে নকশার সনদ দেয়ার প্রস্তাব দেন তিনি।”
ওই টাকা না দিলে নকশা বহির্ভূত বাড়ি তৈরির বিষয়ে রাজউকে রিপোর্ট করাসহ মামলার হুমকি দেন বলে জানান ওই বাড়িমালিক।
তিনি বলেন, “টাকা দিতে রাজি হলে ওই ব্যক্তি ফৌজি বিনু ফরিদ নামে রাজউকের উর্ধ্বতন এক কর্মকর্তা স্বাক্ষরিত একটি ইমারত ফিটনেস সনদ দেখান এবং তাতে তিনি নিজে স্বাক্ষর করে দেন।”
বাড়ির মালিক জানান, প্রাথমিকভাবে তাকে ১০ হাজার টাকা দিয়ে বাকি টাকা পরিশোধে সময় চাওয়া হলে তিনি একটি মোবাইল নম্বর (০১৭৮৭৭২৯৮৩৯) দিয়ে বিকাল সাড়ে ৪টার মধ্যে রাজউকে তার কার্যালয়ে যোগাযোগ করতে বলেন। পরে ফোন করলে ওই নম্বরটি বন্ধ পাওয়া যায়।
পরে এ বিষয়ে রাজউকে যোগাযোগ করলে ‘প্রতারণার’ বিষয়টি স্পষ্ট হয় বলে জানান বাড়ির মালিক।
এ বিষয়ে রাজউকের পরিচালক গোলাম মোস্তফা বলেন, “আমরা এ ধরনের প্রতারণার বিষয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে মানুষকে সতর্ক করেছিলাম। পরিদর্শক পরিচয়ে টাকার বিনিময়ে নকশা অনুমোদন করে দিবে প্রস্তাব দিলে তাকে পুলিশ দিন।”
তিনি বলেন, নকশার জন্য রাজউকের কাছ থেকে মালিকের কাছে ডাকযোগে বা বাহকের মাধ্যমে চিঠি পাঠানো হবে। তারপর পরিদর্শক গিয়ে নকশা দেখতে চাইতে পারেন। এছাড়া কারো গিয়ে নকশা দেখতে চাওয়ার কোনো নিয়ম নেই।
বর্তমানে রাজউক সার্ভে-২০১৩ নামে কোন প্রকল্প চলছে না বলেও জানান তিনি।
রাজউক পরিচালক মোস্তফা বলেন, নজরুল ইসলাম নামে একজন পরিদর্শক রাজউকে আছেন। তবে ভবনের ফিটনেস সনদ দেয়ার বিষয়টি তার এখতিয়ারে নয়।
আর ফৌজি বিনু ফরিদ নামে উর্ধ্বতন কর্মকর্তার ব্যাপারে জানতে চাইলে রাজউকের এই কর্মকর্তা বলেন, তিনি একসময় রাজউকে ছিলেন। এখন গণপূর্ত মন্ত্রণালয়ে আছেন।
এ বিষয়ে পরিদর্শক নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন।
“আমি এ ধরনের কোনো ঘটনার সাথে জড়িত নই। তাছাড়া রাজউকে নজরুল ইসলাম নামে আরো দুইজন পরিদর্শক আছেন।”
