বন্দরে জাহাজে আগুন, দগ্ধ ৩
চট্টগ্রাম বন্দরে তেল খালাসের জেটিতে নোঙ্গর করা একটি ছোট জাহাজে অগ্নিকাণ্ডে অন্তত তিনজন দগ্ধ হয়েছেন।
রান্নাঘর থেকে এই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তবে জাহাজে থাকা তেলে আগুন ধরেনি বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের উপ-সংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম জানিয়েছেন।
ইপিজেড থানার ওসি আবুল মনসুর সাংবাদিকদের জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে কণর্ফুলী নদীতে যমুনা অয়েলের জেটির কাছাকাছি ‘রিভারমুরিং-৩’ এ দাঁড়ানো ‘ওটি কিং ফিশার-১’ নামের জাহাজটির কেবিনে আগুন লাগে।
ক্যাপ্টেন নাজমুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্দরের টাগবোট ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
“জাহাজে থাকা তেলে আগুন লাগেনি,” বলেন তিনি।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, “রান্নার সময় কোনোভাবে জাহাজের ইঞ্জিন রুমে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।”
অগ্নিদগ্ধরা হলেন- বরিশালের ধোপাতলী ইউনিয়নের গাজীবাড়ির কামলা উদ্দিন (৩২), নোয়াখালীর ভবের চরের মো. আজমীর (৩৫) এবং কুমিল্লার চান্দিনার মো. ইমন (৩২)।
দগ্ধ তিনজনকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয় বলে চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহিরুল ইসলাম জানান।
এই তিন জনের মধ্যে আজমীর ওই জাহাজের ইঞ্জিন অপারেটর বলে জানা গেছে।
চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. মৃণাল কান্তি দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কামালের শরীরের প্রায় পুরো অংশ, আজমীরের ৮০ শতাংশ এবং ইমনের ৫৪ শতাংশ পুড়ে গেছে।
আগুনে তিনজনেরই শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি।
