২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় গণজাগরণ মঞ্চের কর্মী খুন

বগুড়ায় গণজাগরণ মঞ্চের এক সংগঠককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

পাবনা প্রতিনিধি

বগুড়া ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2013, 01:49 AM

Updated : 25 Apr 2022, 07:39 PM

নিহত জিয়াউদ্দিন জাকারিয়া (৩৫) বগুড়া শেরপুর ডিগ্রি কলেজের গণিতের শিক্ষক।  

সোমবার রাত সোয়া ৯টার দিকে সদর থানার একটু দূরেই এই হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সোয়া ৯টার দিকে সদর থানার ৫০ গজ দূরে ৬ থেকে ৭ জনের একটি দল হঠাৎই ধারালো অস্ত্র দিয়ে জিয়াউদ্দিনকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হত্যার পরপরই বেশ কয়েকটি হাতবোমা ফাটিয়ে দুর্বৃত্তরা চলে যায়।

বগুড়া সদর থানার ওসি ফায়জুল ইসলাম জানান, ঘটনা জানার পর সেখানে পুলিশ যায়। নিহতের লাশ ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, পাবনায় চাঁদা না পেয়ে বকুল হোসেন (৩২) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে চরমপন্থিরা।

সোমবার রাত সাড়ে ৭টায় সাথিয়া উপজেলার ধূলাউড়িতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

নিহত বকুল বাড়ি উপজেলার ছোট পাইকগাছা গ্রামের আব্দুস সামাদের ছেলে।

সাথিয়া থানার ওসি শাহিদ মাহমুদ খান জানান, স্থানীয় চরমপন্থি সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে ধূলাউরি বাজারের শ্যালো ইঞ্জিনের পার্টস ব্যবসায়ী বকুলের কাছে চাঁদা দাবি করছিল।

এর জের ধরেই সোমবার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে নিজ বাড়ি ফেরার পথে ইছামতি নদীর পাড়ে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে আহত করে।

গুরুতর আহত অবস্থায় বকুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।