পাবনায় ট্রাকচাপায় নিহত ২
পাবনার ঈশ্বরদী উপজেলায় ট্রাকচাপায় দুই ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার রাত ৯টার দিকে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের নওদাপাড়ায় এ দুর্ঘটনায় নিহতরা হলেন উপজেলার মিরকামারী গ্রামের দিপু (৩০) ও দাশুড়িয়া গ্রামের আবুল কালাম আজাদ (৫০)।
ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহাসড়কের পাশের একটি মসজিদে ইসলামী ওয়াজ মাহফিল চলছিল। মহাসড়কের পাশে দাঁড়িয়ে কয়েকজন লোক ওয়াজ মাহফিল শুনছিলেন।
একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিলে ঘটনাস্থলে দুজন নিহত হন।
এলাকাবাসী ট্রাকটিকে ধাওয়া করে আটকের পর পুলিশে সোপর্দ করলেও চালককে ধরতে পারেনি।
