রুশ রাষ্ট্রদূতের সঙ্গে জাতিসংঘ দূতের বৈঠক
ঢাকা সফরে এসে ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণের পর রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার এ নিকোলায়েভের সঙ্গেও বৈঠক করেছেন জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ-তারানকো।
সোমবার বেলা সাড়ে ১২টা থেকে রুশ রাষ্ট্রদূতের বাসায় প্রায় ঘণ্টাখানেক বৈঠক করেন তারা।
তবে বৈঠকের বিষয়বিস্তু সম্পর্কে কোনো পক্ষেরই বক্তব্য পাওয়া যায়নি।
ক্ষমতাসীন আওয়ামী লীগ ইতোমধ্যে জানিয়েছে, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখেই ঘোষিত তফসিল অনুযায়ী ৫ জানুয়ারি ভোট করবে তারা।
তবে বিরোধী দল বিএনপি এই নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়ে টানা আন্দোলন চালিয়ে আসছে। রাজনৈতিক সহিংসতায় গত তিন সপ্তাহে অর্ধশতাধিক লোকের মৃত্যু হয়েছে।
নির্বাচনের আগে এই সংকটের অবসান ঘটানোর লক্ষ্য নিয়ে ঢাকায় আসা জাতিসংঘ মহাসচিবের দূত রোববার ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ ও তার আগের দিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনার সঙ্গে বৈঠক করেন।
এছাড়া গত দুই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ, আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন তিনি।
