হরতাল-অবরোধ জনপ্রতিক্রিয়া
আপনার মতামত ও প্রতিক্রিয়া (অনূর্ধ্ব ১০০ শব্দ) পাঠান নিচের ঠিকানায়:
reactions@bdnews24.com
ফরিদ হাসান, দন্ত চিকিৎসক, নওগাঁ
“দুই দলের জেদাজেদির ফলে বর্তমানে লাগাতার হরতাল ও অবরোধের কারণে রোগীরা চিকিৎসা নিতে আসতে পারছেন না। এতে রোগীরা যেমন ক্ষতির মুখে পড়েছেন, তেমনি আমি নিজেও আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছি।”
সাইফুল ইসলাম, রাইচ মিল মালিক, রানীনগর, নওগাঁ
“লাগাতার হরতালে অবরোধে আমরা চাল ব্যবসায়ীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত। রোপা আমনের ভরা মৌসুমেও হাট-বাজার থেকে ধান কিনতে পারছি না। ফলে জেলার অধিকাংশ চাতাল বন্ধ হয়ে গেছে। দেশের কৃষি ও ব্যবসা বাণিজ্য চলমান রাখার স্বার্থে অবিলম্বে দেশের চলমান রাজনৈতিক সঙ্কটের সমাধান হওয়া প্রয়োজন।”
রেজাউল ইসলাম, বাস শ্রমিক, নওগাঁ
“অবরোধে ও হরতালের কারণে বাস চলাচল বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছি। ধার দেনা করেও চলতে পারছি না। এ অবস্থা চলতে থাকলে পরিবার পরিজন নিয়ে না খেয়ে মরতে হবে।”
আকরাম হোসেন, সবজি চাষি,বর্ষাইল,নওগাঁ
“তিন বিঘা জমিতে সিম চাষ করেছি। শুরুতে ভালো দামও পেয়েছিলাম। কিন্তু বর্তমানে হরতাল অবরোধের কারণে পাইকাররা আসতে না পারায় এলাকার হাট-বাজারে লস দিয়ে সিম বিক্রি করত হচ্ছে।”
নিরঞ্জন কুমার সরকার, স্বর্ণ ব্যবসায়ী, নওগাঁ
“বর্তমান পরিস্থিতিতে খদ্দেররা শহরে আসতে পারছেন না। গত সাতদিন বুনি করতে পারিনি। কর্মচারীদের বেতন দেব কিভাবে ভেবে পাচ্ছি না। দেশের এই সঙ্কটে কার লাভ কার ক্ষতি জানি না। তবে আমরা ব্যবসায়ীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত। এ অবস্থা চলতে পারে না। এর সমাধান দ্রুত হওয়া প্রয়োজন।”
নাসির উদ্দীন চৌধুরী, এনজিও কর্মকর্তা, চাঁপাইনবাবগঞ্জ
‘রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থ রক্ষায় একগুয়েমি মনোভাব প্রকাশ করে চলেছে। তারা জনগণের কথা না ভেবে নিজেদের মনমত সিদ্ধান্ত গ্রহণ করায় একদিকে যেমন আমাদের দুর্ভোগ বাড়ছে তেমনি ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরো দেশ।”
আবুল হায়াত, ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
“রাজনৈতিক সহিংসতার কারণে জীবনরক্ষাকারী ঔষুধ সঠিক সময়ে জেলার সর্বত্র পৌঁছানো সম্ভব হচ্ছে না। এ কারণে লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় বেকায়দায় পড়তে হচ্ছে আমার মতো অনেককে।”
লুৎফর রহমান, চাঁপাইনবাবগঞ্জ সেন্টু মার্কেটের মোবাইল ফোন ব্যবসায়ী
“হরতাল ও অবরোধের কারণে গত দুই মাসে বিক্রি অস্বাভাবিক ভাবে কমে গেছে। এর ফলে দোকান ভাড়া, বিদ্যুৎ বিলসহ অন্যান্য খরচ বহন করা দুঃসাধ্য হয়ে পড়েছে।
“সরকার ও বিরোধী দলকে দ্রুত সমঝোতায় এসে চলমান সঙ্কট নিরসনে উদ্যোগ নিতে হবে। তা না হলে সাধারণ মানুষের দুর্ভোগ যেমন বাড়বে তেমনি সাধারণ মানুষ রাজনীতি ও রাজনৈতিক নেতাদের প্রতি আস্থা হারাবে।”
নিজামউদ্দিন, নারায়ণগঞ্জ-রাজশাহী রুটে পরিবহন সহকারী
“গত ১৫ দিন যাবত তাদের গাড়ি বন্ধ রয়েছে। গাড়ির মালিক তাকে শুধু খাওয়ার খরচ দিচ্ছে। পুরো পরিবারই চরম অর্থ কষ্টে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে। তারা চড়া সুদে ঋণ নিয়ে কোন মতে টিকে আছি।”
আলাউদ্দিন, নারায়ণগঞ্জ-পঞ্চগড় রুটে গাড়ির চালক
“খুবই করুণ অবস্থার মধ্যে আমরা আছি। আমার পরিবার ও ছেলে মেয়েরা না খেয়ে জীবন যাপন করছে। আমরা দিন আনি দিন খাই। কিন্তু ১৫/১৬ দিন যাবত গাড়ি চলাচল বন্ধ। আমাদের আয়ও বন্ধ। তাদের জন্য কিছুই করতে পারছি না। এভাবে আর কত দিন চলবে জানি না। তবে ভাই, আমাদের অবস্থা খুব খারাপ এটা দেখার কেউ নেই।”
আবুল হোসেন, রিকশা চালক, নারায়ণগঞ্জ
“হরতাল অবরোধ ছাড়া আগে দুই তিনশ’ টাকা কামাই করতাম। এখনও তা কমে গেছে। জমা দিয়ে এক দেড়শ’ টাকা যা থাকে তা দিয়ে শুধু চাল কেনাই কষ্টকর। বাজার করা তো বাদই।”
সাইফুল ইসলাম, সিএনজি অটোরিকশা চালক, নারায়ণগঞ্জ
“পেটের তাড়নায় হরতাল-অবরোধের মধ্যে গাড়ি নিয়ে বের হই এবং আতঙ্ক নিয়ে গাড়ি চালাই। কিন্তু হরতাল-অবরোধের কারণে তার আয় অর্ধেক কমে গেছে। গাড়ির জমা ৪০০/৫০০ টাকা জমা দেয়ার পর কিছু থাকে না। আগে ৭০০/৮০০ টাকা কামাইলেও এখন জমার টাকা ওঠানোই অসম্ভব হয়ে পড়ে।”
প্রদীপ ঘোষ বাবু, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট সভাপতি
“হরতাল অবরোধের নামে নাশকতা অবশ্যই নিন্দনীয়। কোনভাবেই তা মেনে নেয়া যায় না। মানুষ পুড়িয়ে, অকাতরে জীবন নিয়ে, লাশের মিছিল সৃষ্টি করা এবং সাধারণ মানুষকে জিম্মি করে আন্দোলন করা এটা কোন আন্দোলনের পথ হতে পারে না। যেই গণতন্ত্রের জন্য আজকের আন্দোলন, সেই গণতন্ত্রকে কোন পক্ষই চর্চা করে না।”
মো. মাসুদুজ্জামান, বিকেএমইএ-র পরিচালক ও মডেল ডি ক্যাপিটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক
“চট্টগ্রাম বন্দরে ৪০ ফুট আয়তনের একটি কন্টেইনার পরিপূর্ণ করতে ২টি কভার্ড ভ্যান প্রয়োজন। এক মাস আগে নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রাম বন্দর পর্যন্ত প্রতিটি কভার্ড ভ্যানের ভাড়া ছিল ৭ থেকে ৯ হাজার টাকা। এখন তা বেড়ে দাঁড়িয়েছে লাখ টাকার উপরে। তার কারখানায় বর্তমানে ৪ মিলিয়ন ডলারের পণ্য শিপমেন্টের জন্য পড়ে আছে। শুধু পণ্য রপ্তানিই নয়, রাজনৈতিক সহিংসার কারণে গার্মেন্টস শিল্পের যে সব কাঁচামাল, যেমন সুতা, ফেব্রিকস, ডাইস-কেমিক্যালসহ অন্যান্য সামগ্রী বিদেশ থেকে আমদানি করা হয় নিরাপত্তাহীনতার কারণে সেগুলি কারখানা পর্যন্ত আনা যাচ্ছে না।”
এ.এইচ. আসলাম সানী, বিকেএমইএর সহ-সভাপতি, অবন্তী কালার টেক্স-এর ব্যবস্থাপনা পরিচালক
“একশ’ ডলারের কর্ভাড ভ্যান ভাড়া এক হাজার ডলারের বেশি ছাড়িয়ে গেছে। শ্রমিকদের বেতন-ভাতা বেড়েছে ৭৭ শতাংশ। গার্মেন্টস শিল্প এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। পরিস্থিতি খুব দ্রুত স্বাভাবিক না হলে দেশের রপ্তানি আয়ের প্রধান এই খাত চরম সঙ্কটে পড়বে।”
মঞ্জুরুল ইসলাম শিপলু, নারায়ণগঞ্জের টানবাজারের ডাইস কেমিক্যাল ব্যবসায়ী
“হরতাল, অবরোধে কোন বেচাকেনা হচ্ছে না। চট্টগ্রাম বন্দর থেকে মালামাল আনা যাচ্ছে না। গাড়ি ভাড়া অনেক চড়া। এই কারণে ব্যবসা বাণিজ্যে মন্দা। পুরো অচলাবস্থা তৈরি হয়েছে।”
মিজানুর রহমান, সচিবালয় মেঘনা ক্যান্টিনের খাবার পরিবেশক
“বেচাকিনি কমে গেছে, কাস্টমার নাই বকশিসও নাই, অবরোধ প্রত্যাহার করে দেশের শান্তি আনা উচিত।”
মাসুম চৌধুরী, একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংক কর্মকর্তা
“অবেরোধের মধ্যে চারদিকে যে ধরনের সহিংসতা হচ্ছে তা দেখে চরম আতঙ্কে দিন কাটাতে হচ্ছে। বাসা বা অফিসে ঠিকমত পৌঁছতে পারবো কিনা, তা নিয়ে সবময়ই দুশ্চিন্তায় থাকতে হয়। পরিবারের সদস্যরাও সব সময়ই আতঙ্কে থাকেন।
“আমরা সাধারণ মানুষ অবরোধ চাই না। দুই দলের কাছেই আমাদের আহ্বান-জনগণকে কষ্ট না দিয়ে আপনারা রাজনৈতিক সমস্যার সমাধান করেন। এ দেশের মালিক জনগণ, তাদেরকে কষ্ট দিয়ে আপনারা (রাজনীতিবিদ) এসি রুমে থাকবেন তাতো হতে পারে না।”
রেজাউল হক আজিম, একটি টেলিকম প্রতিষ্ঠানের ব্যবস্থাপক, ঢাকা
“বাসে উঠে পেট্ট্রোল বোমা আর রিকশায় উঠে ককটেল না খেলে অবরোধই ভালো।
“তবে অফিস যদি মাসে অতিরিক্ত ছয় হাজার টাকা যাতায়াত খরচ দিতো, তাহলে অবরোধকে সবাই আনন্দে উপভোগ করতো।”
শিবলী আবেদিন, কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থা, ঢাকা
“অবরোধ কারো জন্যই সুখকর নয়। অবরোধের কারণে আমার পরিবারের মতো যে কোন পরিবারকে আতঙ্কে দিনাতিপাত করতে হচ্ছে। জনগণের উচিত দুই রাজনৈতিক মেরুকে এটার খেশারত হিসেবে বয়কট করা।”
বশিরুল ইসলাম, জনসংযোগ কর্মকর্তা, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
“হরতাল অবরোধ কৃষকের জন্য বিষফোঁড়া । কৃষিপণ্যের অগণিত উৎপাদক ও ভোক্তা উভয়েই এখন চরম দুর্ভোগের শিকার। এক দলের শ্রমে-ঘামে উৎপাদিত পণ্য পচে যাচেছ এবং এভাবে তারা লোকসান দিচ্ছে। আরেক পক্ষ অর্থাৎ শহর এলাকার ক্রেতারা বাজারে সরবরাহ কম থাকায় বেশি দামে পণ্য কিনতে বাধ্য হচ্ছে।
“এটাও জানা কথা যে, হরতালে দরিদ্র জনগোষ্ঠী বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়। তারা বঞ্চিত হয় বেঁচে থাকার জন্য অপরিহার্য আয়-উপার্জন থেকে। তৈরি পোশাকশিল্প হরতালের আওতা মুক্ত রাখা হয়েছে, ঠিক তেমনি এ ধরনের কর্মসূচি থেকে কৃষিপণ্যকে ছাড় প্রদান করা যায় না? এমনটি ঘটলে কৃষক বাঁচে, ভোক্তাদেরও খানিকটা স্বস্তি মেলে। দেশের এই চলমান সঙ্কট আরও কতদিন স্থায়ী হবে তা নিয়েও রয়েছে শঙ্কা।
“সরকারে কাছে আকুল আবেদন, কৃষকের কথা বিবেচনা করে শীঘ্রই আইনের মাধ্যমে কৃষি পণ্যকে হরতাল-অবরোধের আওতামুক্ত রাখা হোক। এতে কৃষিপণ্যের অগণিত উৎপাদক ও ভোক্তা উভয়েই সুফল পাবে। নতুবা আইন-শৃংঙ্খখলা বাহিনীর মাধ্যমে কৃষি পণ্য সংগ্রহ করে তা রাজধানীসহ সারা দেশে বিক্রি ব্যবস্থা করা হোক।
মোহাম্মদ আলী, মহাখালী এলাকার রিকশা চালক
“অবরোধ চললে আমাগো সংসার আর চলবো না। আমরা অবরোধ চাই না।”
মো. আবুল মিয়া, গুলশান এলাকার রিকশা চালক
“অবরোধে প্যাসেঞ্জার কম। খ্যাপ পাই না। সংসার চালাইতে কষ্ট হচ্ছে।”
মো. আলমগীর, প্রেসক্লাব এলাকার খাবার বিক্রেতা
“আমার দোকানে সচিবালয় ও তার আশে পাশে যারা সাধারণ কাজকর্ম করে তারাই মূলত দুপুরে খেতে আসে, যাদের বেশির ভাগই গাড়িচালক।
“অবরোধে গাড়ি কম থাকায় আমার দোকানে কেনাবেচাও কম। প্রতিদিন ৩-৪ ডেকচি খাবার থাকলেও অবরোধে দিন এক ডেকচি খাবারও শেষ হয় না।”
পারভীন (৩০),মোহাম্মদপুর এলাকার ভিক্ষুক
“হরতাল অবরোধ গরিবের প্যাটে লাত্থি দেয়। দ্যাশের কেউ এগুলারে সাপোর্ট করবো না।”
জমির শেখ(৬০), আদাবর এলাকার ভিক্ষুক
“অবরোধ গরিবের শত্রু। হরতাল-অবরোধ চলতে থাকলে গরিবের মরণ ছাড়া কোন গতি নাই।”
সৈয়দ আলী(৬৫), লালমাটিয়া এলাকার ভিক্ষুক
“অবরোধে গরিবরা ভালো নাই। আপনারা (সাংবাদিক)এইটা লেখেন। আপনাগো জন্যে আমি দোয়া করবো।”
দুলাল মিয়া, আদাবর এলাকার সবজি বিক্রেতা
“অবরোধে ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ। জিনিস অনেক দাম দিয়া কিনতে হয়। তাই বিক্রীও করতে হয় বেশি দামে। ক্রেতারা চেচামেচি করে।”
জাহিদ হুমায়ূন, চাকরিজীবী ও সিএ শিক্ষার্থী
“হরতাল অবরোধে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে শিক্ষার্থীদের। আমি একজন সিএ শিক্ষার্থী অবরোধের কারণে আমার পরীক্ষা বারবার পেছাচ্ছে। এতে আমার প্রিপারেশন যেমন খারাপ হচ্ছে, আমি অনিশ্চয়তার মধ্যেও ভুগছি। আমার মতো অবস্থা সারা দেশের ...।”
ইরতেজা মিরাজ, ব্যাবসায়ী
“এটা খুবই খারাপ বিশেষ করে ব্যবসার জন্য। আর এক বা দুই সপ্তাহ এ রকম থাকলে যা অবস্থা হচ্ছে তাতে ব্যবসা কলাপ্স করবে। আমরা কোন ধরনের র’ মেটেরিয়াল আনতে পারছি না, এক্সপোর্ট ও করতে পারছি না।”
