বরিশালে দেনাদারের হাতে ব্যবসায়ী খুন
বরিশালে পাওনা টাকা চাইতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
রোববার রাতে নগরীর সাগরদি পুল এলাকায় ডাব বিক্রেতা সোহেল হাওলাদার চালকল মালিক আলতাফ হোসেন শুনুকে (৩৫) দা দিয়ে কুপিয়ে আহত করেন।
স্থানীয়দের বরাত দিয়ে কোতোয়ালি মডেল থানার উপ পরিদর্শক (এসআই) গোলাম কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ধান ভাঙ্গানো বাবদ সোহেলের কাছে ১১শ’ টাকা পাওনা ছিল আলতাফের। একাধিকবার টাকা চাওয়া হলেও সোহেল তা পরিশোধ করেনি।
রোববার রাতে আবারো টাকা চাইতে গেলে তাদের মধ্যে কাটাকাটি হয়। এক পর্যায়ে সোহেল তার হাতে থাকা দা দিয়ে আলতাফের পায়ে কোপ দেয়।
তিনি বলেন, স্থানীয়রা তাকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন রাতে তার মৃত্যু হয়।
দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
হাসপাতালের সার্জারি বিভাগের নিবন্ধক জাহিদুল ইসলাম জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আলতাফের মৃত্যু হয়েছে।
এদিকে হামলাকারীকে গ্রেপ্তারের দাবিতে সোমবার সাগরদি এলাকায় বিক্ষোভ করেছে স্থানীয় ব্যবসায়ীরা।
সোহেল হাওলাদারকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
