নারায়ণগঞ্জে সংঘর্ষ, আটক ২
নারায়ণগঞ্জ সদরের গলাচিপায় যুবদলের সঙ্গে এবং সোনারগাঁও উপজেলায় জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার সকালে সংঘর্ষের সময় গলাচিপা থেকে যুবদলের দুই কর্মীকে আটক করা হয়েছে বলে সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান।
পুলিশের গুলিতে তিন কর্মী আহত হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় যুবদল নেতারা।
একদলীয় নির্বাচন বাতিল ও কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে সোমবার নারায়ণগঞ্জ সদর, বন্দর ও সিদ্ধিরগঞ্জে আধাবেলা হরতাল করছে যুবদল। এদিকে কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারির প্রতিবাদে সারা দেশে হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।
সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, সোমবার সকাল ৮টার দিকে মহানগর যুবদল গলাচিপা এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করে। মিছিলটি বঙ্গবন্ধু সড়কের দিকে এগোলে পুলিশ বাধা দেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
হরতাল সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে ইট ও হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এই ঘটনায় দুই জনকে আটক করে পুলিশ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে শটগানের গুলি ও কাঁদুনে গ্যাসের শেল ছোড়ে পুলিশ।
সোনারগাঁও থানার ওসি আতিকুর রহমান জানান, জামায়াত-শিবির কর্মীরা নয়াপুর এলাকায় সড়কে গাছের গুঁড়ি ফেলে আগুন ধরিয়ে বিক্ষোভ করে। পরে ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
এদিকে বিরোধী জোটের অবরোধের শেষ দিনে আড়াইহাজার উপজেলায় মিছিল ও সড়কে টায়ারে আগুন দিয়েছে বিএনপি-জামায়াত নেতা-কর্মীরা।
