২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রিমান্ড শেষে মাহমুদুর কারাগারে

দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে ছয় দিনের পুলিশ হেফাজত  শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2013, 01:23 AM

Updated : 23 Aug 2022, 07:26 PM

তেজগাঁও থানায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা দুটি মামলায় জিজ্ঞাসাবাদের পর তাকে রোববার ঢাকার আদালতে হাজির করা হলে মহানগর হাকিম এমএ সালাম কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

৮ মাস আগে গত ১১ এপ্রিল তিন মামলায় মাহমুদুরকে মোট ১৩ দিন রিমান্ডের আদেশ দিয়েছিল আদালত।

এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতির স্কাইপের কথোপকথন ফাঁসের দায়ে তথ্য ও প্রযুক্তি আইনে দায়ের মামলায় সাত দিন এবং রাষ্ট্রদোহিতার অভিযোগে দায়েরকৃত দুইটি মামলায় তিন দিন করে।

স্কাইপে আড়িপাতার মামলায় হেফাজতে নিয়ে পুলিশ মাহমুদুরকে জিজ্ঞাসাবাদ করেছিল। কিন্তু রাষ্ট্রদ্রোহের দুই মামলার জিজ্ঞাসাবাদ বাকি ছিল।

গত সপ্তাহে এই দুই মামলায় তাকে কাশিমপুর কারগার থেকে হেফাজতে নিয়েছিল পুলিশ। রোববার তাকে পুনরায় আদালতে পাঠানো হয়।

মামলার শুরু থেকেই মাহমুদুর রহমান কোনো আইনজীবী নিয়োগ করেননি। রোববারও তার পক্ষে কোন আইনজীবী শুনানিতে অংশ নেননি। আদালতের অনুমতি নিয়ে তিনি নিজেই মামলার শুনানি করেন।

মাহমুদুর আদালতে অভিযোগ করেন, “এই ছয়দিন রিমান্ডে নিয়ে আমাকে কোনো খাবার দেয়া হয়নি। শোবার জায়গা দেয়া হয়নি। কোনো স্যানিটেশনের ব্যবস্থা করা হয়নি। এটি মানবাধিকার পরিপন্থি ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।”

গত ১১ এপ্রিল মাহমুদুরকে রাজধানীর কারওয়ান বাজারে তার সংবাদপত্রের কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়।